‘দালাল হইতে সাবধান!’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দালাল হইতে সাবধান! হাসপাতালের গেটে, হাসপাতালের ভেতরে এবং ডাক্তারদের চেম্বারের আশপাশে দালালেরা ঘোরাফেরা করে। দালালের প্রতারণা থেকে সাবধান থাকার জন্য বাড়ি থেকে রওনা দেওয়ার আগে বা হাসপাতালে এসে ডাক্তারের মোবাইলে কথা বলুন—ডা. মাকসুদ।’ রোগীদের প্রতি এমন সতর্ক ও পরামর্শ বাণী দিয়ে সম্প্রতি শহরে একটি লিফলেট ছেড়েছেন চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা (সহকারী সার্জন) মো. মাকসুদ উল্যাহ। এ ছাড়া তিনি তাঁর বাসভবনের সামনে টাঙানো সাইনবোর্ডের নিচের অংশেও নিজের ফোন নম্বরসহ এসব কথা জুড়ে দেন। মাকসুদ উল্যাহ প্রথম আলোকে বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশে ছয়-সাতটি ব্যক্তিগত ক্লিনিক ও প্যাথলজিক্যাল সেন্টারের (রোগ নির্ণয়কেন্দ্র) কিছু লোকজন (দালাল) ২৪ ঘণ্টা কমপ্লেক্স এলাকায় ঘোরাফেরা করেন এবং রোগী আসামাত্রই সরকারি হাসপাতালের চিকিৎসকদের কাছে যাওয়ার গতিপথ রোধ করেন। ভুলিয়ে-ভালিয়ে নানা অপকৌশলে নিজেদের ক্লিনিকে নিয়ে যান। প্রতিদিন এলাকার রোগীরা এভাবে সরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসকদের কাছ থেকে বিনা মূল্যে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। গরিব-নিরীহ রোগীরা দালালদের খপ্পরে পড়ে প্রতারিত হচ্ছেন। দালাল ও প্রতারক চক্রকে প্রতিহত করতেই এ ব্যবস্থা নিয়েছি।’ নারায়ণপুর ইউনিয়নের লেকোটা গ্রামের ইয়াছিন মিয়া বলেন, ‘গত কয়েক দিন আগে আমার স্ত্রীকে নিয়া সরকারি হাসপাতালে একজন মহিলা ডাক্তারের কাছে যাইতেছিলাম। গেইটের ভেতর ঢোকার পরই দুই-তিনজন লোক আইসা আমাগো কম খরচায় ভালো ডাক্তার দেখানোর কথা কইয়া কৌশলে পাশের একটি প্যাথলজিতে নিয়া যায়। হেনো বেশি টেয়া দিয়া চিকিৎসা করাই। টেস্টও করান লাগে। পরে বুঝজি আমাগো ঠকানো অইছে।’ চরমকুন্দি গ্রামের বাসিন্দা ফরহাদ মিয়া জানান, ‘দুই দিন আগে আমি স্বাস্থ্য কমপ্লেক্সে আইছিলাম ডাক্তারের কাছে। হঠাৎ কয়েকজন লোক আমাকে বুঝাইয়া পাশের একটি ক্লিনিকে নিয়ে যাওয়ার কথা বলে। আমি তাগো কথায় সেখানে না যাওয়ায় তারা আমাকে গালিগালাজ করে।’ সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অফিস চলাকালে প্রত্যন্ত এলাকা থেকে রোগী এলে রোগীদের নিয়ে দালালদের মধ্যে টানাটানি লেগে যায়। অশিক্ষিত, গরিব রোগীরা প্রায় প্রতিদিন দালাল ও প্রতারক চক্রের পাল্লায় পড়ে স্বাস্থ্য কমপ্লেক্সের বিনা মূল্যের সেবা থেকে বঞ্চিত হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসা কর্মকর্তা জানান, আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দালাল ও প্রতারক চক্রের সঙ্গে কমপ্লেক্সের কোনো কোনো চিকিৎসকও জড়িত আছেন। এটা দুঃখজনক। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ইসহাক মিয়া কমপ্লেক্সে দালাল ও প্রতারক চক্রের উপস্থিতির কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘দালাল ও প্রতারক চক্রের দৌরাত্ম্য এখন আগের তুলনায় কম। এসব অপতৎপরতা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’