'দালালমুক্ত' আক্কেলপুর ভূমি কার্যালয়, স্বস্তি
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা ভূমি কার্যালয় ‘দালাল ও হয়রানিমুক্ত’ হওয়ায় এলাকার লোকজন স্বস্তি প্রকাশ করেছেন। ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে গতকাল সোমবার উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সাধারণ লোকজন সন্তোষ প্রকাশ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আখতারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অতিন কুমার কুণ্ডু। অন্যান্যের মধ্যে বক্তব্যে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা, উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কমল, পৌর মেয়র গোলাম মাহফুজ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোকছেদ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নবীবুর রহমান প্রমুখ।
সভায় উপস্থিত সাধারণ লোকজন বলেন, এই উপজেলার ভূমি কার্যালয়ে বছরের পর বছর ধরে এসি ল্যান্ড ছিলেন না। এ কারণে জমিসংক্রান্ত কাজে সেবা নিতে আসা এসে তাঁদের নানা ভোগান্তির শিকার হতে হতো। এ ছাড়া ভূমি কার্যালয়ে দালালদের দৌরাত্ম্য ছিল। গত বছর সেপ্টেম্বরে এসি ল্যান্ডের পদায়নের পর এই কার্যালয়ের চিত্র পাল্টে গেছে। ভূমি কার্যালয়ে সেবা নিতে গিয়ে তাঁদের আর আগের মতো হয়রানির শিকার হতে হচ্ছে না। দালালও নেই। নির্ধারিত সময়ের আগেই নামজারির কাজ সম্পন্ন হচ্ছে। ভূমি কার্যালয়ের বর্তমান কার্যক্রমে তাঁরা সন্তুষ্ট।
পৌর মেয়র গোলাম মাহফুজ চৌধুরী বলেন, সাবিহা সুলতানা পদায়নের অল্প দিনের মধ্যেই ভূমি কার্যালয়ের চিত্র পাল্টে দিয়েছেন। কার্যালয়টি দালাল ও হয়রানিমুক্ত করেছেন।
ইউএনও আফরোজা আখতার বলেন, এলাকার লোকজন সহযোগিতা করেছেন বলেই এটি সম্ভব হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা বলেন, ‘আমি সাধ্যমতো লোকজনকে সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। ভূমিসংক্রান্ত কাজে এলে যদি কেউ আপনাদের কাছে টাকাপয়সা চায়, তাহলে সোজা আমাকে জানাবেন। এখানকার ভূমি কার্যালয় সব সময় ঘুষ ও দুর্নীতিমুক্ত থাকবে।’