দায় চাপিয়ে হত্যাকাণ্ডকে উৎসাহিত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। তিনি বলেছেন, এ কারণে হত্যাকারীরা নির্বিঘ্নে থাকছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ধরতে পারছে না।
এক প্রকাশককে হত্যার এবং প্রকাশক-লেখকদের ওপর হামলার বিচারের দাবিতে গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে ‘প্রতীকী কফিন’ মিছিল কর্মসূচি চলাকালে ইমরান এইচ সরকার এসব কথা বলেন। রাজধানীর শাহবাগ মোড় থেকে ছয়টি ‘প্রতীকী কফিন’ নিয়ে শুরু হওয়া গণজাগরণ মঞ্চের মিছিলটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যাওয়ার সময় জাতীয় প্রেসক্লাবের পূর্ব দিকে সচিবালয়-সংলগ্ন সড়কে মিছিলটি আটকে দেয় পুলিশ। সেখানেই বক্তব্য দেন ইমরান।
ইমরান এইচ সরকার বলেন, ‘কোনো ঘটনা ঘটলেই তাকে বিচ্ছিন্ন ঘটনা বলে তা হালকা করে দেওয়া হয়, অস্বীকার করা হয়, কারও ওপর দায় চাপানো হয়। দায় চাপানোর মধ্য দিয়ে হত্যাকাণ্ডগুলোকে উৎসাহিত করা হচ্ছে। এ কারণে হত্যাকারীরা নির্বিঘ্নে থাকছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ কারণে তাদের ধরতে পারছে না। দায় এড়ানো ও দায় চাপানোর সংস্কৃতি জঙ্গিবাদীদের উৎসাহিত করছে।’
গণজাগরণ মঞ্চের মুখপাত্র বলেন, ‘আজকে শুধু ব্লগার, প্রকাশক ও মুক্তচিন্তার মানুষদের হত্যা করছে না। সচিবালয়ের গেটে যে পুলিশ বাহিনীর ভাইয়েরা আমাদের আটকে দিলেন, তাঁদের ওপরও আক্রমণ শুরু হয়েছে। তাঁদেরও লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে।’ তিনি এদের প্রতিরোধে সবাইকে এক কাতারে শামিল হওয়ার আহ্বান জানান।
ইমরান এইচ সরকার বলেন, ‘আমরা বারবার বলেছি, জঙ্গিবাদ দমনে প্রয়োজনে চিরুনি অভিযান কিংবা আলাদা বাহিনী গঠন দরকার। কিন্তু সরকারের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই।’ তিনি বলেন, ‘আমি মনে করি রাজনীতিবিদদের মধ্যে ও প্রশাসনের মধ্যে জঙ্গিবাদীদের ভূত ঢুকেছে। এই ভূত আগে তাড়াতে হবে। তা না হলে এ দেশকে জঙ্গিবাদীদের হাত থেকে, জামায়াত-শিবিরের হাত থেকে রক্ষা করা যাবে না।’
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উদ্দেশ করে ইমরান বলেন, ‘প্রশাসনের মধ্যে যাঁরা মুক্তচিন্তার অধিকারী, দেশকে রক্ষা করতে চান, আপনারা জঙ্গিবাদীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আপনারা জঙ্গিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে এগিয়ে যান। জনগণ আপনাদের সঙ্গে থাকবে।’
পরে ইমরান এইচ সরকারের নেতৃত্বে গণজাগরণ মঞ্চের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল ব্লগার, প্রকাশকদের হত্যা ও হত্যাচেষ্টার প্রতিবাদ জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দেয়।
ব্লগার, প্রকাশক ও মুক্তচিন্তার মানুষদের হত্যা ও হত্যাচেষ্টার প্রতিবাদে আজ শুক্রবার বেলা তিনটায় শাহবাগ মোড়ে ‘মুক্তচিন্তার সংহতি সমাবেশ’ করবে গণজাগরণ মঞ্চ। এই সমাবেশে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।