'দায়মুক্তির' দায় থেকে বেরোতে চায় দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিষ্ঠার এক যুগ পেরিয়ে এখনো ইতিবাচক ভাবমূর্তি প্রতিষ্ঠার লড়াইয়ে রয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুর্নীতিগ্রস্ত প্রভাবশালী ব্যক্তিদের বিচারের আওতায় আনার ব্যাপারে প্রতিষ্ঠানটির দুর্বলতা নিয়ে বরাবরের সমালোচনা সত্ত্বেও এটি ঘুরে দাঁড়াতে চায়। অর্জন করতে চায় মানুষের আস্থা।

দুদকের সচিব আবু মো. মোস্তফা কামাল গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ‘কমিশনের এখনকার লক্ষ্য ভাবমূর্তি আরও উজ্জ্বল করা। ইতিমধ্যে যেটুকু ভাবমূর্তি পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে, তাকে কাজে লাগিয়ে দুর্নীতিবিরোধী কার্যক্রম আরও জোরদার করা।’

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন ‘দুর্নীতি দমন ব্যুরো’ বিলুপ্ত করে ২০০৪ সালের ২১ নভেম্বর প্রতিষ্ঠিত হয় দুর্নীতি দমন কমিশন। চেয়ারম্যানের দায়িত্ব পান অবসরপ্রাপ্ত বিচারপতি সুলতান হোসেন খান। চার বছরের মেয়াদ পূরণের আগেই ২০০৭ সালে ‘এক-এগারোর’ তত্ত্বাবধায়ক সরকারের আমলে পদত্যাগ করেন তিনি। সাবেক সেনাপ্রধান হাসান মশহুদ চৌধূরীর নেতৃত্বে পুনর্গঠিত হয় কমিশন। তিনিও মেয়াদ পূরণের আগেই ফিরে যান। চেয়ারম্যানের দায়িত্ব পান সাবেক সচিব গোলাম রহমান। মেয়াদ শেষে তিনি ফিরে গেলে চেয়ারম্যান হন মো. বদিউজ্জামান। এ বছরের ১৩ মার্চ তিনি অবসরে গেলে নিয়োগ পান অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব ইকবাল মাহমুদ।

২০০৪ সালে কমিশন গঠনের পর থেকে প্রথম তিন বছর এর কার্যক্রমে একধরনের স্থবিরতা ছিল। এক-এগারোর সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রধান রাজনৈতিক দলগুলোর নেতা-কর্মী, ব্যবসায়ী-আমলাসহ প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে একের পর এক মামলা ও গ্রেপ্তার অভিযান পরিচালনা করে আলোচনায় আসে দুদক। এসব পদক্ষেপ পরবর্তী সময়ে ব্যাপক সমালোচনার মুখেও পড়ে।

গোলাম রহমান ও বদিউজ্জামানের আমলে অনেক গুরুত্বপূর্ণ ও আলোচিত বিষয়ে অনুসন্ধান পরিচালনা করা হয়। পদ্মা সেতু দুর্নীতির চেষ্টা, হল-মার্ক কেলেঙ্কারি, বিসমিল্লাহ গ্রুপের কেলেঙ্কারি, ডেসটিনি, বেসিক ব্যাংক জালিয়াতিসহ অনেক ঘটনায় তদন্ত হয়েছে, মামলা হয়েছে। নির্বাচন কমিশনে দেওয়া হলফনামার ভিত্তিতে সাবেক মন্ত্রী-সাংসদদের বিরুদ্ধে অনুসন্ধান করে দুদক। প্রভাবশালী কয়েকজন আমলার বিরুদ্ধে মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতির অভিযোগও অনুসন্ধান করে সংস্থাটি।

অনুসন্ধান-তদন্তের নামে হয়রানি, রাজনৈতিক প্রভাব, সরকারের রাজনৈতিক প্রতিপক্ষ দমনের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হওয়ার সমালোচনাও রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। সরকারদলীয়দের প্রতি নমনীয় আচরণের অভিযোগ ওঠে একাধিকবার। দুর্নীতির অভিযোগ থেকে প্রভাবশালী অনেককে অব্যাহতি দেওয়ার বিষয়টিও সমালোচিত হয়েছে।

চলতি বছরের ১৪ মার্চ ইকবাল মাহমুদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই কমিশনকে সক্রিয় দেখা যায়। বিশেষ করে গ্রেপ্তার অভিযান ব্যাপক আলোচনার জন্ম দেয়। আট মাসে প্রায় ৪০০ জনকে গ্রেপ্তার করা হয়। কমিশনের ভেতরেই শুদ্ধি অভিযান পরিচালিত হয়।

দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, মানুষের আস্থা অর্জন অনেক কঠিন। আস্থা ফেরানো কঠিন। তারপরও গত আট মাসে আমরা আমাদের কাজের ধারা ও সংস্কৃতি পরিবর্তনের চেষ্টা করেছি। কিছুটা সফল হয়েছি। তিনি বলেন, গত এক যুগে দুর্নীতি প্রতিরোধ কাঙ্ক্ষিত মাত্রায় হয়নি এটা সত্যি। বাস্তবতা হলো এক যুগে দুর্নীতি একেবারে তাড়ানোও সম্ভব নয়।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, নেতৃত্বের গুণাবলী ও দৃঢ়তার কারণে সংস্থাটি সম্পর্কে মানুষের ইতিবাচক ধারণা হয়েছে। দুদক যদি তাদের সামর্থ্যের যথাযথ প্রয়োগ করতে পারে, তাহলে দুর্নীতি দমন ও প্রতিরোধে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবে।

দ্বাদশ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় ও মাঠপর্যায়ে বর্ণাঢ্য কর্মসূচি নিয়েছে কমিশন। সকাল সাড়ে নয়টায় সেগুনবাগিচায় কমিশনের প্রধান কার্যালয়ে জাতীয় পতাকা ও কমিশনের পতাকা উত্তোলনের মাধ্যমে দিনটির সূচনা হবে। ১০টায় শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে মিল রেখে কমিশনের চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, বরিশাল ও খুলনা বিভাগীয় কার্যালয় এবং ২২টি সমন্বিত জেলা কার্যালয়ে অনুষ্ঠান হবে।