‘দিন থেকে দিন কঠিন হইতাছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জীবনটারে আর টাইনা নিতাম পারতাছি না। দিন থেকে দিন কঠিন হইতাছে। কয়েক বছর আগেও মাস শেষে চাকরির আট হাজার টাকা পাইতাম। সেই টাকা দিয়া ঘরসংসার ও ছেলেমেয়েদের পড়াশোনা ভালোভাবেই চলত। এখন একই কাজ করে ১২ হাজার টাকা পাইলেও সংসারে টানাটানি শেষ হয় না। মাসের ২০ তারিখে সব টাকা শেষ। বাকি ১০ দিন খুব কষ্টে কাটে।’দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিজের সংসারের টানাপোড়েনের বর্ণনা এভাবেই দিলেন পঞ্চাশোর্ধ্ব আফজাল হোসেন। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে অফিস সহকারী পদে কর্মরত। তিনি জানান, দ্রব্যমূল্য মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়ায় মধ্যবিত্ত জীবনে স্থবিরতা নেমে এসেছে। বেশির ভাগ পরিবারে আগে যেখানে তিনবার খাওয়ার ব্যবস্থা থাকত, এখন সেসব পরিবারে দুইবার খাওয়ার আয়োজন করা হয়। বাগবাড়ী এলাকার বাসিন্দা লিটন চন্দ্র দাশ বলেন, ‘দ্রব্যমূল্য লাগামহীনভাবে বেড়েই চলছে। এতে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। তবে ধনী ও গরিব ব্যক্তিদের জীবনে এতে করে তেমন কোনো প্রভাব পড়ছে না। এ অবস্থায় সবচেয়ে বেশি সংকটে রয়েছেন মধ্যবিত্ত শ্রেণীর মানুষজন। এই শ্রেণীর মানুষেরা তো কারও কাছে হাতও পাততে পারছেন না।’সিলেট শহরতলির বহর নোয়াগাঁও এলাকার বাসিন্দা প্রবীর দেবনাথ বলেন, ‘বছর খানেক আগে যে মাছ ১০০ টাকায় কিনেছি, এখন সে মাছ ২৫০ টাকা। আগে ১০০ টাকার সবজি কিনলে থলে ভরে যেত, এখন একই টাকার সবজি কিনলে থলে ভরা তো দূরের কথা, থলের কোনাও ভরে না।’ সিলেট নগরের জামতলা এলাকার গৃহিণী মিনাক্কী গুপ্তা বলেন, ‘মানুষের আয় আগের তুলনায় এখন বেশ বেড়েছে, তবে অধিকহারে দ্রব্যমূল্যও বেড়েছে। এতে করে সংসারের ওপর প্রচণ্ড চাপ তৈরি হচ্ছে। তাই কোনোভাবেই আয়ের সঙ্গে ব্যয় সংগতিপূর্ণ হচ্ছে না। এ অবস্থায় একজন গৃহিণী হিসেবে সংসারের সব কাজে আমাকে কৃচ্ছ্রতা সাধন করতে হচ্ছে।’দক্ষিণ সুরমা এলাকার একটি বস্তিতে পরিবারের সাত সদস্যকে নিয়ে ভাড়া থাকেন আনসার মিয়া। পেশায় দিনমজুর আনসার জানান, কামলা খেটে প্রতিদিন তিনি ২০০ টাকা পান। এর থেকে প্রতিদিন তাঁকে ৩৫ টাকা কেজি দরে দুই কেজি চাল, সবজি, তেল, মরিচসহ নিত্যপ্রয়োজনীয় উপকরণ কিনতে হয়। এতে করে দিনের টাকা দিনেই শেষ হয়ে যায়। পরিবারের কেউ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে টাকার অভাবে চিকিৎসা করতে পারেন না, এমনকি মাস শেষে ঘরের ভাড়া বাবদ ৯০০ টাকা দিতে গিয়ে তাঁকে হিমশিম খেতে হয়। সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক প্রশাসক ফারুক মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘কোনো সরকারই কতিপয় অসাধু ব্যবসায়ীর সিন্ডিকেট ভাঙতে পারেনি। বর্তমান সরকারও এর বাইরে নয়। টিসিবিকে আরও শক্তিশালী করতে সরকারকে উদ্যোগী হতে হবে। কারণ, টিসিবির মাধ্যমে সরবরাহ বাড়ানো গেলে দ্রব্যমূল্য অনেকটা নিয়ন্ত্রণে আসবে।’