'দিন দিন জ্বালার চাইতে মোগো মাইর্যা হালান'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হারা দিন গায়ে খাইট্টা কয়টা টাহা ইনকাম করি, হেইয়্যা দিয়া বউ-বাচ্চার লইগ্গা চাউল কিনি দুগ্গা ভাত খাই। এহন দিনের পর দিন হরতাল-অবরোধ দেওনে কাম-কাইজ নাই। ধারদেনা কইর‌্যা এত দিন চলছি, এহন আর পারি না। এই অবস্থা কবে শ্যাষ অইবে হেইয়্যারও কোনো নিশ্চয়তা নাই। এহন মোগো না খাইয়্যা মরণ ছাড়া উপায় নাই। দিন দিন জ্বালার (যন্ত্রণা) চাইতে আপনেরা (রাজনৈতিক নেতারা) মোগো মাইর‌্যা হালান।’
বরগুনা শহরের সাহাপট্টি এলাকার শ্রমিক সেকান্দার আলী আক্ষেপ করে এভাবেই নিজের দুর্দশার কথা বলছিলেন। শুধু সেকান্দার আলীই নন, তাঁর মতো বিভিন্ন পেশায় নিয়োজিত প্রায় ২৫ হাজার লোক পরিবার-পরিজন নিয়ে মানবেতর দিন কাটাচ্ছেন। শহরের সদর রোডে কথা হয় ভাড়ায়চালিত মোটরসাইকেলচালক মোশারেফ হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘আগে দৈনিক ৪০০-৫০০ টাকা ইনকাম অইতো। মালিকরে ভাড়া দিয়া ২০০-২৫০ টাকা থাকত। এহন হারা দিনে ২০০-২৫০ টাকা ইনকাম অয় না। মালিকরে জমা (ভাড়ার টাকা) দিয়া নিজের কিছুই থাহে না।’
নিজেদের দুর্দশার কথা জানালেন ব্যাটারিচালিত অটোরিকশাচালক আবু জাফর ও রিকশাচালক মোজামেঞ্চল হোসেন। বরগুনা শহরে প্রায় ৪০০ ব্যাটারিচালিত অটোরিকশা এবং প্রায় আড়াই হাজার রিকশা রয়েছে। হরতাল-অবরোধের কারণে এসব বাহনের চালকেরা মানবেতর দিন কাটাচ্ছেন।
মোটরসাইকেলচালকদের সূত্রে জানা গেছে, বরগুনা শহরে যাত্রী পরিবহন করার জন্য ভাড়ায়চালিত প্রায় এক হাজার মোটরসাইকেল রয়েছে। এদের সবারই এখন এমন দুর্দশা। কয়েকজন মোটরসাইকেলচালক জানান, গত এক মাসে হরতাল ও অবরোধে বরগুনায় ১৫টি মোটরসাইকেল, একটি বাস ও একটি ট্রাক পুড়িয়ে দেওয়া হয়েছে। দুটি যাত্রীবাহী বাসে হামলা-ভাঙচুর হয়েছে। রক্ষা পায়নি রোগী বহনকারী বরগুনা জেনারেল হাসপাতালের একমাত্র অ্যাম্বুলেন্সটিও। শহরের টেম্পোচালক আল আমিন জানান, দৈনিক আয়ের ওপর তাঁরা মালিকের কাছ থেকে শতকরা ২০ টাকা হারে বেতন পান। রোজগার সম্পূর্ণ বন্ধ থাকায় তাঁর ঘরে তিনবেলা খাবার জুটছে না।