'দিনত তো কুনো ভয় নাই, কিন্তুক রাইতত নিন ধরে না'
প্রাণের ভয়ে ভিটেমাটি ছেড়ে ঠাকুরগাঁওয়ের শশি মোহন রায় আশ্রয় নিয়েছিলেন স্থানীয় ইসকন মন্দিরে। এখন গ্রামে র্যাব-পুলিশের টহল আছে। তবু তিনি মন্দির ছেড়ে যাওয়ার সাহস করছেন না। প্রশাসন তাঁর মতো আরও বহু সংখ্যালঘু পরিবারের সদস্যদের আশ্বস্ত করতে পারেনি।
দিনাজপুরে নয়জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। যৌথ বাহিনীর অভিযান চলছে। তবু পাতো বালার (৬০) চোখে ঘুম নেই। তিনি বলেন, ‘বাপু দিনত তো কুনো ভয় নাই, কিন্তুক রাইতত নিন ধরে না। মনে হচে এই বোধে ফির ওমরা হামাক ডাঙ্গাবা আইসেছে।’
মাধবপাড়ার বাসিন্দা বিজিবির অবসরপ্রাপ্ত সদস্য কালি বিলাস রায় এলাকায় স্থায়ীভাবে পুলিশি নিরাপত্তা না দেওয়া হলে আবারও হামলা হবে বলে আশঙ্কা করেছেন।
দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ায় দেশের বিভিন্ন জেলায় সংখ্যালঘুদের ওপর জামায়াত-বিএনপির নেতা-কর্মীরা নির্যাতন চালায় বলে অভিযোগ ওঠে। ঠাকুরগাঁওয়ের গড়েয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জয় চৌধুরী বলেছেন, ‘ভোট চলার সময়ই বিএনপি-জামায়াতের কর্মীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হামলা চালায়। এ সময় তারা বিদ্যালয়ের বেঞ্চ ও টেবিল ভাঙচুর করে। পরে তারা দেউনিয়া বাজারে হিন্দুদের ২০-২৫টি দোকান ভাঙচুর ও মালামাল লুট করে।’
সোমবার ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার ফয়সল মাহমুদ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান। মন্দিরে আশ্রয় নেওয়া লোকজনের দাবির পরিপ্রেক্ষিত ওই এলাকায় সেনা টহল ও পুলিশের অস্থায়ী চৌকি বসানো হয়। কেউ কেউ ফিরে যান। অনেকেই থেকে যান।
ঠাকুরগাঁওয়ের গোপালপুর গ্রাম থেকে ইসকন মন্দিরে আশ্রয় নেওয়া নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, গতকাল সন্ধ্যার পর ১৫০-২০০ পরিবারের সদস্যরা মন্দির ছেড়ে বাড়ি ফিরে যায়। এরপর নির্যাতনকারীরা বাড়ির মেয়েদের তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়। আতঙ্কিত লোকজন আবার মন্দিরে ফিরে আসে। অনেকে মন্দিরে না গিয়ে পাশের জেলা পঞ্চগড়ের আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নেয়।
প্রাণের ভয়ে পালিয়ে আসা এসব মানুষ আর্থিকভাবেও মারাত্মক ক্ষতির শিকার। গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র দখলের পর বিএনপি-জামায়াতের কর্মীরা দেউনিয়া বাজারে ব্যাপক ভাঙচুর চালান। লুট করে নিয়ে যান মালামাল। ক্ষতিগ্রস্ত হোটেলের মালিক পঞ্চানন রায় বলেন, ‘হাঁড়িপাতিল, থালাবাসন, গ্লাস, চায়ের কাপ থেকে শুরু করে চায়ের চামচ পর্যন্ত ছাড়েনি ওরা। রান্নার করার কাজে ব্যবহূত খড়িগুলো পড়ে ছিল, তা-ই এখন বাড়িতে নিয়ে যাচ্ছি।’
ওষুধের ফার্মেসির মালিক রতন রায় বলেন, ‘পরিস্থিতি দেখে আবার দোকান করব। তবে এমন আক্রমণের কথা মনে হলে দোকানের কথা ভাবতে সাহস হয় না।’
এদিকে দিনাজপুরে ছয়টি গ্রামে ১৫০টি সংখ্যালঘুর বাড়ি দোকানে হামলা, লুটপাট নির্যাতনের ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে। এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে নয়জনকে। ঘটনা তদন্তে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তবে আজও দিনাজপুরের কর্ণাই, তেলীপাড়া, প্রীতমপাড়া, মাধবপাড়া, অজয়পাড়া, সাহাপাড়া ও হরিশপাড়ায় গিয়ে দেখা যায় গ্রামবাসীর চোখেমুখে আতঙ্কের ছাপ। আজ মঙ্গলবার হামলার শিকার স্থানীয় উত্তর গোসাইপুর আদর্শ উচ্চবিদ্যালয়ের শিক্ষক কর্ণাই ঠাকুরপাড়ার মিতালী ব্যানার্জি বলেন, ভয়ে-আতঙ্কে হামলার শিকার পাড়াগুলোর সংখ্যালঘু পরিবারগুলোর কিশোরী-যুবতী মেয়ে ও গৃহবধূরা গ্রাম ছেড়ে চলে গেছেন। নিরাপত্তার অভাবে তাঁদের দূরে আত্মীয়স্বজনদের বাড়িতে পাঠিয়ে দিয়েছে অসহায় পরিবারগুলো।
দিনাজপুরের জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী ‘প্রথম আলো’কে বলেন, সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু রায়হান মিয়াকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় কুমার সরকার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কন্দর্প নারায়ণ রায়। কমিটিকে ১০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে মর্মে জেলা প্রশাসক জানান।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলতাফ হোসেন বলেন, মহাদেবপুর গ্রামের প্রভাবশালী ব্যক্তিদের নেতৃত্বে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত লোকজনের পক্ষে মনোহর সরকার এবং কার্তিক চন্দ্র রায় বাদী হয়ে পৃথক দুটি মামলা করেছেন। মামলায় ৬০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৬০০ জনকে আসামি করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত এজাহারভুক্ত পাঁচজন আসামিকে গ্রেপ্তার করেছে।
তাঁরা হলেন মোবারক হোসেন, আবদুস সামাদ, মির্জা আল মাসুদ, আজাদুল ইসলাম ও আরিফুল ইসলাম। অন্য চারজনের নাম জানা যায়নি।
এদিকে স্থানীয় মহাদেবপুর গ্রামের অধিবাসী আমিনুল ইসলাম অভিযোগ করেন, গত সোমবার রাতে যৌথ বাহিনীর অভিযানকালে সংখ্যালঘুরা মহাদেবপুর গ্রামের ৩০টিরও বেশি বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে।
তবে পুলিশ সুপার মো. রুহুল আমিন ওই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছেন। আর সংখ্যালঘু পরিবারগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, নিজেদের অপরাধ ঢাকতে হামলাকারীরা এ ধরনের অপপ্রচার চালাচ্ছে।
দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান আজ বিকেলে ক্ষতিগ্রস্তদের মাঝে পরিবারপিছু এক বান্ডিল টিন, একটি করে কম্বল এবং সবার মাঝে ১০০ কেজি চাল বিতরণ করেছেন। এ ছাড়া দিনাজপুর সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা ক্ষতিগ্রস্ত লোকজনের মাঝে চিড়া, মুড়ির নাড়ু ও গুড় বিতরণ করেছেন। স্থানীয় সাংসদ ইকবালুর রহিমের উদ্যোগে গতকাল থেকে দুই বেলা খিচুড়ি রান্না করে লোকজনকে খাওয়ানো হচ্ছে।
পুলিশ সুপার মো. রুহুল আমিন ‘প্রথম আলো’কে বলেন, ইতিমধ্যে কর্ণাই স্কুল বাজারে অস্থায়ীভাবে পুলিশ ক্যাম্প করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন থাকবে।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে ক্ষতিগ্রস্তদের একটি তালিকা তৈরি করা হয়েছে। তালিকায় ১৫৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের নাম উল্লেখ করা হয়েছে। এতে ক্ষতির পরিমাণ ৭০ লাখ টাকা বলা হয়েছে। সংগঠনটির জেলা কমিটির সাধারণ সম্পাদক শিক্ষক পরিমল চক্রবর্তী ঘটনার সঙ্গে জড়িত লোকজনকে অবিলম্বে গ্রেপ্তার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। অন্যথায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কঠোর আন্দোলন কর্মসূচি দেবে বলে জানিয়েছেন।