'দিনাজপুরের মুখ উজ্জ্বল করেছে হাজী দানেশ বিশ্ববিদ্যালয়'
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ বলেছেন, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেশে-বিদেশে দিনাজপুরের মুখ উজ্জ্বল করেছে। প্রতিবছর বিশ্ববিদ্যালয়টিতে দেশ-বিদেশের মেধাবী শিক্ষার্থীরা যেমন ভর্তি হচ্ছেন, তেমনি বিশ্ববিদ্যালয়টি থেকে পড়াশোনা শেষ করে শিক্ষার্থীরা দেশ-বিদেশে বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখছেন।
বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল কালচারাল ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল বুধবার প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য দেন নেপাল দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স দিল্লি প্রসাদ আচারিয়া। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সাইফুর রহমান। আরও বক্তব্য দেন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেকশনের ইনচার্জ বিকাশ চন্দ্র সরকার, নেপালের শিক্ষার্থী হেম কুমার সাহা প্রমুখ।
এর আগে আবুল হাসান মাহমুদ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে মুক্তিযুদ্ধ কর্নারের উদ্বোধন শেষে বিকেলে খানসামা এলাকার শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।