'দিনের চেয়ে রাত সুন্দর'

নদী পারাপারে কিনব্রিজ, তীরে আলী আমজদের ঘড়ি। ঐতিহ্যের এই দুই স্থাপনা একনজর দেখলেই যেন সিলেট নগর চেনা যায়। এ দু্ই স্থাপনার গায়ে এখন আলোর ঝিলিক। সিটি করপোরেশনের উদ্যোগে মুঠোফোন সেবাদাতা-প্রতিষ্ঠান গ্রামীণফোনের আর্থিক পৃষ্ঠপোষকতায় কিনব্রিজ ও আলী আমজদের ঘড়ির চারপাশে রংবে–রঙের আলোকসজ্জা করা হয়েছে।
বাহারি এ আলোকসজ্জার মায়াবি সৌন্দর্যের টানেই প্রতিদিন সন্ধ্যার পর থেকে সুরমা নদীর তীরে ছুটে যাচ্ছেন নগরবাসী। পথচলতি মানুষের চোখ আটকে রয় সৌন্দর্যের পরশ পেয়ে। লাল-নীল-সাদা আর বাহারি আলোর বন্যা রাতের অন্ধকার ভেদ করে জলতরঙ্গের মতোই ছড়িয়ে পড়ে দূর-দূরান্তে।
সিলেটের ঐতিহাসিক তথ্য থেকে জানা গেছে, জমিদার আলী আমজদ খান ১৮৭৪ সালে ওই ঘড়িঘর নির্মাণ করেন। লোহার খুঁটির ওপর ঢেউটিনের প্রাচীন নির্মাণশৈলীর প্রায় ৩০ ফুট উঁচু স্থাপনার মধ্যে স্থাপন করা হয় ঘড়ি। তখন থেকে এটি আলী আমজদের ঘড়ি নামে পরিচিতি পায়।
কিনব্রিজ ব্রিটিশ আমলে সুরমা নদীর ওপর প্রথম সেতু। ১৯৩৬ সালে নির্মিত ৩৯ মিটির দৈর্ঘ্যের ও ৫ দশমিক ৫ মিটার প্রস্থের সেতু পুরোটাই লোহার। তৎকালীন আসাম প্রদেশের গভর্নর মাইকেল কিন সেতুর উদ্বোধন করেন। সেই থেকেই সেতুর নাম কিনব্রিজ।

নগরের প্রতীকখ্যাত ঐতিহ্য সুরক্ষায় সিটি করপোরেশনের এ উদ্যোগকে নান্দনিকসত্তার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন সিলেটের সাংস্কৃতিক সংগঠক হুমায়ূন কবীর। তিনি জানান, ঐতিহ্যবাহী কিনব্রিজকে আলোকিত করাটা নগরবাসীর জন্য সুখবর। তাঁর পরামর্শ—লেজারের সাহায্যে কিনব্রিজের ওপর থেকে সুরমা নদীর পানিতে সিলেটের নানা ধরনের ঐতিহ্যকে ফুটিয়ে তোলা যায় কিনা।
নগরের বাগবাড়ি এলাকার বাসিন্দা কলেজশিক্ষক রাজগোপাল দাস পরিবারের চার সদস্যকে নিয়ে কিনব্রিজ এলাকায় বেড়াতে এসেছেন। তিনি বলেন, ‘দৃষ্টিনন্দন এ সৌন্দর্য দেখে আমরা খুবই মুগ্ধ।’
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ইয়াসমীন আক্তার কয়েকজন সহপাঠীকে সঙ্গে নিয়ে গত মঙ্গলবার রাতে কিনব্রিজ এলাকায় বেড়ানোকালে বলেন, এখানে এখন দিনের চেয়ে রাত সুন্দর। তবে মাঝে মাঝে কিছু উৎকট গন্ধ নাকে লাগছে। এ বিষয়ে কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, রং-বেরঙের আলোয় দুই ঐতিহ্যবাহী স্থাপনা সন্ধ্যার পর থেকেই আলোকিত হয়ে উঠছে। ইতিমধ্যে এটি নগরের একটি অন্যতম বিনোদনস্থলে পরিণত হয়েছে। নির্মল পরিবেশে যেন কোনো প্রতিবন্ধকতা তৈরি না হয়, সে বিষয়গুলো মাথায় রেখে আরও কিছু পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।