শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘দিলওয়ার ছিলেন গণমানুষের কবি। তাঁর কবিতাই তাঁকে বাঁচিয়ে রাখবে। তিনি প্রগতিশীল, অসাম্প্রদায়িক ও যুক্তিবাদী মানুষের জন্য লিখতেন। শোষণহীন সমাজব্যবস্থা বিনির্মাণে তাঁর কবিতাচর্চা অন্ধকার সমাজকে আলোর পথের সন্ধান দেখিয়েছে। কবির এই স্বীকৃতি তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।’
গতকাল সোমবার সকালে সিলেট সার্কিট হাউস মিলনায়তনে কবি দিলওয়ার সঞ্চরণে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। সাহিত্য-সংস্কৃতি-শিল্পবিষয়ক সংগঠন চৌদ্দভুবনের উদ্যোগে ওই সভা হয়। সভায় সভাপতিত্ব করেন কবি-সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভেন্দু ইমাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য আবদুল আজিজ। অন্যদের মধ্যে বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আরশ আলী, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক এনামুল হাবীব, গল্পকার জামান মাহবুব, কবি এ কে শেরাম, আইনজীবী মইনুদ্দিন আহমদ জালাল, কবি মোস্তাক আহমাদ দীন ও মোহামঞ্চদ আব্বাস উদ্দিন।
বাউল গবেষক সুমনকুমার দাশের সঞ্চালনে প্রয়াত কবির লেখা কবিতা আবৃত্তি করেন অম্বরীষ দত্ত, মোকাদ্দেস বাবুল ও দীনুল ইসলাম। সভার শুরুতেই কবির সঞ্চরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
শিক্ষামন্ত্রী বক্তৃতায় বলেন, ‘বাংলাদেশে এখন ধর্মকে অপব্যবহার করে একটা গোষ্ঠী রুচিহীনভাবে নারীদের অগ্রযাত্রাকে ব্যাহত করতে চাচ্ছে। সুস্থ সামাজিক-সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলে ওই গোষ্ঠীকে রোধ করতে হবে। ধান্ধাবাজদের হাত থেকে দেশকে রক্ষা করতে পারে কেবল সাহিত্য-সংস্কৃতিচর্চা। এই চর্চাকে দেশব্যাপী বেগবান করতে যুক্তিবাদী মানুষের কাজ করা উচিত।’
শুভেন্দু ইমাম কবি দিলওয়ারের কবিতা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার ব্যাপারে শিক্ষামন্ত্রীর উদ্যোগ কামনা করেন। অনুষ্ঠানে সিলেটের সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের প্রতিনিধিত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রী কবির কবর জিয়ারত করেন। কবি দিলওয়ার ১০ অক্টোবর সিলেটের দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।