'দীনেশচন্দ্র সেনের কাছে বাঙালি জাতি চিরঋণী'
বাংলা সাহিত্য ও লোকসংস্কৃতিকে তুলে ধরার ক্ষেত্রে দীনেশচন্দ্র সেনের অবদান অতুলনীয়। বাংলার ছড়িয়ে ছিটিয়ে থাকা লোককথা, মুখে মুখে প্রচলিত গান, পুঁথি সংগ্রহ করে তিনি এ দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধ করেছেন। তাঁর কাছে বাঙালি জাতি চিরঋণী।
গতকাল বৃহস্পতিবার বাংলা ভাষা ও সাহিত্যের খ্যাতিমান গবেষক দীনেশচন্দ্র সেনের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর রচিত সরল বাঙ্গালা সাহিত্য বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। চট্টগ্রাম নগরের জামালখানে ‘বাতিঘরে’ এ প্রকাশনা অনুষ্ঠান হয়। বইটি প্রকাশ করেছে বাতিঘর।
প্রকাশনা অনুষ্ঠানে ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, দীনেশচন্দ্র সেন নানাভাবে স্মরণীয়। তিনি এক জীবনে যা করেছেন, তা অতুলনীয়। তিনি বাংলার একটি পশ্চাৎপদ অংশ থেকে বাংলা সাহিত্যের উপাদান সংগ্রহ করে দেখানোর চেষ্টা করেছেন যে লোকসাহিত্য কোনোভাবেই অবজ্ঞা করার মতো নয়।
প্রকাশনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য মাহবুবুল হক, কবি-প্রাবন্ধিক আবুল মোমেন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক গোলাম মুস্তফা। স্বাগত বক্তব্য দেন বাতিঘরের স্বত্বাধিকারী দীপংকর দে, অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি মোজাম্মেল মাহমুদ।