‘দু নম্বর থালাবাসন নেই, খাবার দেওয়া যাবে না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি যখন তোমাদের বিদ্যা দান করি, তখন তো আমাকে তোমরা বল না যে আমি সাঁওতাল, আমার দেওয়া বিদ্যা নেবে না তোমাদের সন্তানেরা। অথচ আমি খেতে চাইলে বলছ, দু নম্বর থালাবাসন নেই, খাবার দেওয়া যাবে না।’কথাগুলো একজন সাঁওতাল আদিবাসীর। তিনি রাজশাহীর তানোর উপজেলার মুণ্ডমালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামেল মারান্ডি। তাঁর দাবি, গত ৭ জুন দুপুরে কয়েকজনের সঙ্গে এক রেস্তোরাঁয় গেলে সাঁওতাল বলে তাঁকে খেতে দেওয়া হয়নি। তখন তিনি রেস্তোরাঁর মালিককে এসব কথা বলেন।শিক্ষক কামেল মারান্ডির সঙ্গে তানোর সদরের এক রেস্তোরাঁমালিকের এ ঘটনা জানাজানি হলে আদিবাসীসহ স্থানীয় সচেতন মহলে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। গত ১৩ জুন আদিবাসীদের নিয়ে কর্মরত একটি বেসরকারি সংস্থার উদ্যোগে এ ব্যাপারে সচেতনতা সৃষ্টির জন্য তানোরে মানববন্ধন হয়। আদিবাসী ছাড়া সচেতন অনেকেই এই মানববন্ধনে অংশ নেন।এরপর তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোটেল-রেস্তোরাঁর মালিক, আদিবাসী নেতা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও তানোরে কর্মরত বেসরকারি সংস্থাগুলোর প্রতিনিধিদের ডেকে সভা করেন। সভায় হোটেল-রেস্তোরাঁয় আদিবাসীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করতে কঠোরভাবে নিষেধ করা হয়। এমন ঘটনার জন্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ব্যাপারে তাদের হুঁশিয়ার করে দেওয়া হয়। কামেল মারান্ডির সঙ্গে বৈষম্যমূলক আচরণের ব্যাপারে ওই রেস্তোরাঁর মালিক মো. সালাউদ্দীন প্রথম আলোকে বলেন, রেস্তোরাঁর যে কর্মচারী শিক্ষককে খাবার দেয়নি, সে ছিল নতুন। তাকে চাকরি থেকে বরাখাস্ত করা হয়েছে। ইউএনওর সঙ্গে বৈঠকের পর থেকে রেস্তোরাঁয় আদিবাসীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হয় না বলে তিনি দাবি করেন।আগে কেন এমন আচরণ করা হতো—এ প্রশ্নের জবাবে সালাউদ্দীন বলেন, ‘আমাদের পাঁচজনকে নিয়ে ব্যবসা করতে হয়। আপনাকে এর বেশি কিছু বলব না।’আদিবাসীদের আলাদা থালাবাটিতে খাবার দেওয়ার অভিযোগে অপর এক রেস্তোরাঁর মালিক আবদুল আলিম বলেন, ‘ব্যবসার স্বার্থেই আমাদের এমন করতে হয়। তবে এখন আর করি না।’কালীগঞ্জ কলেজের ছাত্র বিশ্বনাথ সরেন ও যোগেন বেসরা প্রথম আলোকে জানান, গত ৩০ জুন তানোরে ডাকবাংলো মাঠে সাঁওতাল বিদ্রোহ উপলক্ষে এক আলোচনা সভায় যোগ দিয়েছিলেন তাঁরা। এ সময় তাঁরা মাঠের পাশে একটি রুটির দোকানে খেতে যান। তাঁদের খবরের কাগজে করে খাবার দেওয়া হয়। আর স্থানীয় অন্যদের দেওয়া হয় থালায়। তাঁরা প্রশ্ন রাখেন, ‘আমরা কি এ দেশের নাগরিক নই?’সাঁওতাল ছাত্রদের ছাত্রাবাস ত্যাগ: তানোর ডিগ্রি কলেজের ছাত্রাবাসে সাঁওতাল ছাত্রদের থালাবাসন আলাদা করে দেওয়া হয়েছে। এর প্রতিবাদে জুন মাসের গোড়ার দিকে ১১ জন সাঁওতাল ছাত্র ছাত্রাবাস ছেড়ে চলে যান।ছাত্রবাস ছেড়ে যাওয়া ছাত্র সুশীল হেমব্রম, সন্তোষ কুমার হেমব্রম, মিখাইল হাসদা, ডেভিড হাসদা ও হাবিল মার্ডি বলেন, ‘দীর্ঘদিন ধরে এই ছাত্রাবাসে আদিবাসী-বাঙালি ছাত্ররা মিলেমিশে থাকছে। কিন্তু ছাত্রাবাসের নতুন মনিটর এসে থালা-বাটি আলাদা করে আদিবাসী শিক্ষার্থীদের প্রতি বৈষম্য প্রদর্শন করেন। এর প্রতিবাদ করে সমাধান পাইনি। এ কারণে মনোকষ্ট নিয়ে আমরা ছাত্রাবাস ত্যাগ করেছি।’এ ব্যাপারে তানোর থানার ওসি এস এম বজলুর রশিদ বলেন, ‘হোটেল-রেস্তোরাঁয় আদিবাসীদের প্রতি এমন আচরণের অভিযোগ পাওয়া গেলে আমরা ব্যবস্থা নেব। তবে কলেজের ছাত্রাবাসের ঘটনার ব্যাপারে আমাদের করার কিছু নেই।’ তানোর ডিগ্রি কলেজের ছাত্রাবাসের মনিটর মোবারক হোসেন বলেন, ‘ছাত্রাবাসের সংখ্যাগরিষ্ঠ ছাত্রদের দাবির মুখে আমাকে থালা-বাটি আলাদা করতে হয়েছে। আমি ব্যক্তিগতভাবে এটা চাইনি। আমার তো আদিবাসী বন্ধুদের বাড়িতে গিয়ে খেতেও সমস্যা নেই।’স্থানীয় সাংসদ ওমর ফারুক চৌধুরী বলেন, ‘তানোরের বিভিন্ন স্থানে আদিবাসীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণের বিষয়টি আমার জানা আছে। তবে রাতারাতি এর পরিবর্তন হবে না। বৈষম্য দূর করার মানসিকতা তৈরির ব্যাপারে স্থানীয় মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। মানুষকে পরিবর্তনের চেষ্টা করে যাচ্ছি। ক্রমশ এ অবস্থার পরিবর্তন হবে।’