'দু মিনিটের কথা বলে দুই দিনেও ফিরলেন না'
‘হরিবাসরে বসিয়ে রেখে বললেন, দুই মিনিট বসো। এখনই আসছি। সেটাই তাঁর শেষ যাওয়া হলো। দুই মিনিটের কথা বলে দুই দিনেও ফিরলেন না।’ বগুড়ার শাজাহানপুর উপজেলার গণ্ডগ্রামে নিহত সনাতন প্রামাণিকের স্ত্রী সুচি রানী গতকাল সোমবার বিকেলে কাঁদতে কাঁদতে এ কথাগুলো বলেন।
গত শনিবার রাতে খুন হন সনাতন প্রামাণিক। স্কুলছাত্রী ভাগনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় দুর্বৃত্তরা ছুরি মেরে হত্যা করে তাঁকে।
এ ঘটনায় শাজাহানপুর উপজেলা ছাত্রলীগের নেতা মো. বিপুলকে প্রধান আসামি করে মামলা হয়েছে। নিহতের বাবা সুরথ চন্দ্র প্রামাণিক রোববার শাজাহানপুর থানায় মামলাটি করেন।
এদিকে, ঘটনাস্থল থেকে জনতার হাতে আটক স্বেচ্ছাসেবক লীগের কর্মী রাজিব সরকার গতকাল সোমবার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার ঘটনাস্থল থেকে রাজিব সরকারের সঙ্গে আটক অপর তরুণ শাফিউল ইসলাম রনি (২২) এবং গতকাল সোমবার গ্রেপ্তার করা সেলিম মণ্ডল (৩৭) নামে এক ব্যক্তির সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মামলা ও স্থানীয় সূত্র জানায়, শাজাহানপুর উপজেলা ছাত্রলীগের আইনবিষয়ক সম্পাদক মো. বিপুলের নেতৃত্বে রাজিব সরকার, সাব্বির হোসেনসহ কয়েকজন হরিবাসর অনুষ্ঠানে আসা স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করতে থাকেন। শহরের তালুকদার মার্কেটের ব্যবসায়ী রতন বিশ্বাস প্রথমে এই উত্ত্যক্তের প্রতিবাদ করেন। এতে ছাত্রলীগের নেতা-কর্মীরা রতন বিশ্বাসকে মারধর করেন। খবর পেয়ে রতনের শ্যালক সনাতন প্রামাণিক এগিয়ে এসে প্রতিবাদ করলে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁকে ছুরিকাঘাত করেন। হাসপাতালে নেওয়ার পর সনাতন মারা যান। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক সূত্র বিপুলের সাংগঠনিক পরিচয় নিশ্চিত করেছেন। তবে শাজাহানপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আলমগীর স্বপন দাবি করেন, ‘উপজেলা ছাত্রলীগে বিপুল নামে একজন নেতা রয়েছেন। এই বিপুল সেই বিপুল নয়।’