'দুঃশাসন' থেকে মুক্তি চেয়ে খালেদা-তারেকের দোয়া
বর্তমান সরকারের ‘দুঃশাসন’ থেকে যেন বাংলাদেশ মুক্ত হতে পারে সেজন্য আল্লাহর দরবারে দোয়া করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও তাঁর বড় ছেলে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।
আজ সোমবার দিবাগত রাতে মদিনা শরিফে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর রওজা মোবারক জিয়ারতকালে তাঁরা এ প্রার্থনা করেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেলের বরাত দিয়ে প্রেস উইংয়ের সদস্য শাইরুল কবির খান একথা জানিয়েছেন।
এদিকে খালেদা জিয়া ও তারেক রহমান একান্তে কথা বলেছেন বলে প্রথম আলোকে একটি সূত্র জানিয়েছে।
ছেলেকে সঙ্গে নিয়ে খালেদা জিয়া মসজিদ-ই-নববীতে তারাবিহ নামাজ আদায়ের পর মহানবী (সা.) এর রওজা মোবারক জিয়ারত করেন। তাঁরা বাংলাদেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
এ সময় তাঁদের সঙ্গে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান, মেয়ে জায়মা রহমান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সভাপতি আন্দালিব রহমান, খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে তারেক রহমান মসজিদ-ই-নববীতে সঙ্গীদের নিয়ে ইফতার করেন।