'দুই কোটি কিশোরী হচ্ছে সমগ্র বাংলাদেশ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘একজন কিশোরী হচ্ছে এক টুকরো বাংলাদেশ। আর দেশের দুই কোটি কিশোরী হচ্ছে সমগ্র বাংলাদেশ।’ বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথাগুলো বলল রংপুরের বদরগঞ্জ থেকে আসা একাদশ শ্রেণির ছাত্রী মোছাম্মৎ রেখা আখতার।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘বিশ্ব জনসংখ্যা দিবস ২০১৬’ উদ্যাপন উপলক্ষে যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়, পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)। জনসংখ্যা দিবসের এ বছরের প্রতিপাদ্য ‘কিশোরীর জন্য বিনিয়োগ, আগামী প্রজন্মের সুরক্ষা’। কিশোরীদের স্বাস্থ্যসচেতনতার কাজ করে স্বর্ণ কিশোরী ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের রংপুর জেলার সদস্য মোছাম্মৎ রেখা আখতার। অনুষ্ঠানে এই কিশোরী আরও বলল, দেশের সব কিশোরী সঠিক স্বাস্থ্যসেবা ও শিক্ষা পেলে দেশের ভবিষ্যৎ উজ্জ্বলতর হবে।
কিশোর বয়সকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় উল্লেখ করেন প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, বাল্যবিবাহ বড় সমস্যা। এটি রোধ করতে সবাইকে এগিয়ে আসতে হবে। সন্তানকে সঠিক পথে রাখতে পরিবারের ভূমিকা বর্ণনা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বাজার থেকে কৌটার দুধ খাওয়ানো শুরু হলে মায়ের সঙ্গে সন্তানের দূরত্ব সৃষ্টি হয়।’ ইউএনএফপিএর প্রতিনিধি সাথিয়া ডোরাইস্বামী বলেন, দেশে কিশোর-কিশোরীর সংখ্যা সাড়ে তিন কোটি। অর্থাৎ, মোট জনসংখ্যার ২২ শতাংশ। স্বাস্থ্যের ওপর বাল্যবিবাহের খারাপ প্রভাবের বর্ণনা করে তিনি বলেন, বাল্যবিবাহের কারণে কিশোরীকে জোর করে স্কুল ছাড়ানো হয়। স্বাস্থ্যসচিব সৈয়দ মনজুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ওয়াহিদ হোসেন। অনুষ্ঠানে বলা হয়, দেশে ৫৯ শতাংশ মেয়ের বিয়ে হয় বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগে। কিশোরী বয়সে বিয়ের কারণে মৃত্যুঝুঁকি ও দীর্ঘ মেয়াদে অসুস্থতার ঝুঁকি বাড়ে। অনুষ্ঠানে জানানো হয়, ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস। কিন্তু ঈদের ছুটি শেষে প্রস্তুতির পর্যাপ্ত সময় না থাকায় দিবসটি ২১ জুলাই পালনের সিদ্ধান্ত হয়েছিল।
পুরস্কার: বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে প্রতিবারের মতো এবারও জাতীয়ভাবে সাতটি ক্যাটাগরিতে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়। বিজয়ীরা হলেন হামিদা আক্তার (পরিবারকল্যাণ সহকারী, নারায়ণগঞ্জ সদর), নাহিদ সুলতানা (পরিবারকল্যাণ পরিদর্শিকা, মান্দা, নওগাঁ), দালালবাজার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র (লক্ষ্মীপুর সদর), তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ (মান্দা, নওগাঁ), নড়াইল সদর উপজেলা, গাইবান্ধা মা ও শিশুকল্যাণ কেন্দ্র (গাইবান্ধা) এবং বেসরকারি প্রতিষ্ঠান পরিবারকল্যাণ সমিতি (খুলনা) ও মমতা ক্লিনিক (ডবলমুরিং, চট্টগ্রাম)।
এ ছাড়া আটজন গণমাধ্যম ব্যক্তিত্বকে মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৬ দেওয়া হয়। এঁরা হলেন রীতা ভৌমিক (যুগান্তর), নিখিল মানখিন (জনকণ্ঠ), মোহাম্মদ সাইফুল ইসলাম (দৈনিক কালবেলা), মুন্নী সাহা (এটিএন নিউজ), এ এম আরিফুর রহমান ও নাহিদ শফিক (মাছরাঙা টেলিভিশন), মো. কামরুল হাসান (রেডিও চিলমারী) এবং অলিফা খাতুন (রেডিও ঝিনুক)। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।