‘দুই কোটি টাকার ফুল’
ফুল নিয়ে ভালোবাসা প্রকাশের রীতি বহু পুরোনো। বিশ্ব ভালোবাসা দিবস ও বসন্ত বরণ সামনে রেখে যশোরের গদখালীর ফুলবিক্রেতারা এখন ভীষণ ব্যস্ত। দিবস দুটি সামনে রেখে প্রায় দুই কোটি টাকার ফুল বিক্রি হবে বলে গদখালী ফুল ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুর রহিম প্রথম আলোকে জানিয়েছেন।যশোর শহর থেকে ১৯ কিলোমিটার পশ্চিমে যশোর-বেনাপোল সড়কের ঝিকরগাছা উপজেলার গদখালীতে এই ফুলের মোকাম। সপ্তাহের প্রতিদিনই বসে ফুলের হাট। প্রতিদিন পাঁচ থেকে ছয় লাখ টাকার ফুল বেচাকেনা হয় এ হাটে। কিন্তু পয়লা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবসের আগে এসে এ হাটে ফুলের বেচাকেনা কয়েক গুণ বেড়ে যায়। গদখালীর ফুলসাম্রাজ্যে এবার রয়েছে গাঁদা, গোলাপ, রজনীগন্ধাসহ নানা রঙের গ্লাডিওলাস ও জারবারা। গ্লাডিওলাস প্রতিটি পাঁচ থেকে আট টাকা, গোলাপ সাড়ে তিন থেকে চার টাকা, জারবারা ১০ থেকে ১৫ টাকা, রজনীগন্ধা সাড়ে তিন থেকে চার টাকা দরে পাইকারি বেচাকেনা হচ্ছে।ফুলের ব্যাপারি সেলিম রেজা জানান, পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবস সামনে রেখে গত দুই দিনে দেড় লক্ষাধিক টাকার ফুল ঢাকা, বগুড়া ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন বাজারে তিনি সরবরাহ করেছেন।গদখালী ফুলচাষি ও ফুল ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবদুর রহিম বলেন, যশোর অঞ্চলের প্রায় এক হাজার হেক্টর জমিতে চার থেকে সাড়ে চার হাজার কৃষক ফুল চাষ করছেন।