আওয়ামী লীগ ও বিএনপির রাজনৈতিক রেষারেষির কারণে ১৪ বছরেও উদীচী হত্যাকাণ্ডের বিচার হয়নি। উগ্র মৌলবাদী ও সাম্প্রদায়িক গোষ্ঠী এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।গত বুধবার বিকেলে যশোর শহরের টাউন হল মাঠের রওশন আলী মঞ্চে উদীচী ট্র্যাজেডির ১৪তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তারা এসব কথা বলেন। এ সময় বক্তারা দ্রুত এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের মাধ্যমে শাস্তি নিশ্চিত করার দাবি জানান।বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী যশোর জেলা সংসদের সভাপতি সৌমেশ মুখার্জির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উদীচীর উপদেষ্টা কাজী রবিউল হক, জাসদের কেন্দ্রীয় সহসভাপতি রবিউল আলম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি পীযূষ কান্তি ভট্টাচার্য্য, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দৌলা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলার শাখার সভাপতি হারুন-অর-রশীদ, বাসদের জেলা সমন্বয়ক হাসিনুর রহমান, উদীচী যশোর সংসদের সাধারণ সম্পাদক ডি এম শাহিদুজ্জামান প্রমুখ। আলোচনা শেষে টাউন হল মাঠের উদীচী ট্র্যাজেডি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে ১০টি মশাল জ্বালানো হয়।প্রসঙ্গত, ১৯৯৯ সালের ৬ মার্চ যশোর শহরের টাউন হল মাঠে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর দ্বাদশ জাতীয় সম্মেলনে বর্বরোচিত বোমা হামলা চালানো হয়। এতে ১০ জন নিহত হয়। আহত হয় দুই শতাধিক ব্যক্তি। এ ঘটনায় মামলা হলেও গত ১৪ বছরেও ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার হয়নি।ডি এম শাহিদুজ্জামান জানান, ইতিহাসের অন্যতম জঘন্য এ হত্যাকাণ্ডের ঘটনার পর দিন অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়। কিন্তু ঘাতকদের শাস্তি নিশ্চিত করা যায়নি।