‘দুই দিন চলে গেল টেরই পেলাম না!’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দুই দিন চলে গেল, টেরই পেলাম না! এ জীবনে পুরোনো বন্ধুদের সঙ্গে কি আর দেখা হবে?’ ময়মনসিংহে আনন্দমোহন কলেজের শতবর্ষপূর্তি উদ্যাপন অনুষ্ঠানে অংশ নিয়ে এভাবে বলছিলেন ১৯৭৪ ব্যাচের শিক্ষার্থী মোছা. শামসুন্নাহার। তাঁর সহপাঠী পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত মো. দেলোয়ার হোসেন সেই কথার সুর ধরে বলেন, ‘১৯৭৪ সালের পর এই প্রথম ক্যাম্পাসে এলাম। এত বছর পর আজ বন্ধুদের পেয়ে মনে হচ্ছে কিছুই বদলায়নি! সব আগের মতোই আছে। এ অনুভূতি প্রকাশের ভাষা নেই।’শতবর্ষপূর্তি উদ্যাপনের দ্বিতীয় দিন গতকাল শনিবার এ রকম নানা অনুভূতি ব্যক্ত করলেন কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা। ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ছোট ছোট দলে বসে কেউ কেউ যেন ফিরে গিয়েছিলেন ছাত্রজীবনে। কারও হাতে বাদাম, কারও হাতে আইসক্রিম। চলছে খুনসুটিও। বয়স হয়েছে, সঙ্গে ছেলেমেয়ে আছে, তাতে কী! পুরোনো বন্ধুদের কাছে পেলে এসব কি আর কোনো বাধা? ১৯৮৪ ব্যাচের শিক্ষার্থী ছিলেন জীবুন্নাহার। শতবর্ষ উদ্যাপন অনুষ্ঠানে এসেছিলেন তিনিও। সঙ্গে নিয়ে এসেছিলেন মেয়ে অনন্যাকে। তিনিও এই কলেজের ইংরেজি বিভাগের ছাত্রী। মাকে উচ্ছ্বসিত দেখে অনন্যা বললেন, ‘বন্ধুদের সঙ্গে মায়ের আনন্দ দেখে খুব ভালো লাগছে। মাকে খুব কম সময়েই এত আনন্দিত হতে দেখেছি।’ ১৯৯৩ সালের কলেজ ছাত্র সংসদের ভিপি ছিলেন এ কে এম সাজ্জাদ হোসেন। তিনি বলেন, ‘সে সময় কলেজে সুস্থ রাজনীতি ছিল। এখন এ পরিবেশের বড়ই অভাব।’ ক্যাম্পাসের একটি কৃষ্ণচূড়াগাছের কথা মনে করে আক্ষেপ করলেন ১৯৭৪ ব্যাচের শিক্ষার্থী ছিদ্দিকুল হক। তিনি বলেন, ‘কলেজের পরিধি অনেক বেড়েছে, দেখে ভালো লাগছে। কিন্তু কৃঞ্চচূড়াগাছটি কেটে ফেলা হয়েছে দেখে কষ্ট পেয়েছি। কলেজের সামনের বিশাল তিনটি রেইনট্রিগাছও নেই। কর্তৃপক্ষ ঐতিহ্য রক্ষায় এসব স্থানে নতুন করে চারা রোপণ করতে পারত।’গতকাল সকালে ‘মুক্তিযুদ্ধে আনন্দমোহন কলেজের ভূমিকা’ শীর্ষক সেমিনার ও আলোচনা অনুষ্ঠানে অংশ নেন কলেজের সাবেক শিক্ষক, শিক্ষার্থী ও ছাত্র সংসদের নেতারা। কলেজের সাবেক শিক্ষক আবুল কালামের সভাপতিত্বে এতে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক বিমলকান্তি দে। প্রধান অতিথির বক্তব্য দেন ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন ও উন্নয়ন কমিটির সভাপতি আনিসুর রহমান খান। অন্যান্যের মধ্যে ছিলেন টিচার ট্রেনিং কলেজের (পুরুষ) অধ্যক্ষ তফাজ্জল হোসেন, মজিবর রহমান খান, সোমেন্দ্র কিশোর চৌধুরী, সাবেক ভিপি মোয়াজ্জেম হোসেন বাবুল, সাবেক জিএস মফিজুন নূর খোকা প্রমুখ। বিকেলে মুহম্মদ আবদুল আজিজের সভাপতিত্বে ‘হদয়ে আনন্দমোহন কলেজ’ শীর্ষক স্মৃতিচারণা অনুষ্ঠানে কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা স্মৃতিচারণা করেন। সন্ধ্যায় প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। গত শুক্রবার সকালে আনন্দমোহন কলেজ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দুই দিনব্যাপী শতবর্ষপূর্তি অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।