‘আজকাল অনেকেই দুই বাংলার কবি, দুই বাংলার কবিতার কথা বলেন। আসলে বাংলা এক। দেশ দুটি। তাই দুই বাংলা বলা ঠিক নয়।’ জীবনানন্দ কবিতামেলা উদ্বোধনকালে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক এসব কথা বলেছেন।
রাজশাহী নগরের শাহ্ মখদুম কলেজ মাঠে গতকাল শুক্রবার কবি ও কবিতার সংগঠন কবিকুঞ্জ এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হকসহ বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের কবি ও সাহিত্যিকেরা।
গতকাল সকাল ১০টায় বেলুন উড়িয়ে দুই দিনব্যাপী এই মেলার উদ্বোধন করা হয়। এরপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এটি নগরের মনিচত্বর হয়ে আবার অনুষ্ঠানস্থলে ফিরে আসে।
অনুষ্ঠানের শুরুতে ছিল আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন কবিকুঞ্জের সভাপতি রুহুল আমিন প্রামাণিক। সভাপতিত্বে আলোচনা পর্ব শুরু হয়। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আরিফুল হক।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ শামসুল হক পশ্চিমবঙ্গে বাংলাদেশের বই বিপণন বাণিজ্যে প্রতিবন্ধকতা সম্পর্কে বলেন, এটি সরকার ও ব্যবসায়ীদের মানসিকতার সমস্যা। দুই দেশের কবিদের উদ্দেশে তিনি বলেন, বাংলা কবিতার দুঃসময় যাচ্ছে। এ ব্যাপারে সচেতন হতে হবে।
হাসান আজিজুল হক বলেন, তাঁকে কথাসাহিত্যিক বলা হয়। কিন্তু কবিতা পড়ার জন্য কেউ ডাকে না। অনুষ্ঠানে তিনি কবি জীবনানন্দ দাশের ‘আমি বাংলার মুখ দেখিয়াছি...’ কবিতাটি আবৃত্তি করেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুল খালেক বলেন, পৃথিবীতে অনেক জাতি আছে, তারা স্বাধীন হতে পারেনি। তবে যারা সংস্কৃতিবান, তাদের কেউ দাবিয়ে রাখতে পারেনি। তিনি বলেন, বাংলার প্রকৃতিই মানুষকে কবি করে তুলেছে। তিনি বলেন, পৃথিবীতে আজ সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়েছে। কিন্তু আজ পর্যন্ত একজন কবিকেও কেউ সন্ত্রাসী হিসেবে প্রমাণ করতে পারেনি।
অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন অর্থনীতিবিদ সনৎ কুমার সাহা, ভাষাসৈনিক আবুল হোসেন, পশ্চিমবঙ্গের কবি ও গবেষক সুজিত সরকার, কবি মৃণাল বসু চৌধুরী, কথাসাহিত্যিক শচীন দাশ, সাবেক প্রতিমন্ত্রী জিনাতুন নেসা তালুকদার, শাহ্ মখদুম কলেজের অধ্যক্ষ আমিনুর রহমান, মুক্তিযোদ্ধা আবদুল মান্নান। শুভেচ্ছা বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোট রাজশাহী শাখার সাধারণ সম্পাদক দিলীপ কুমার ঘোষ ও বাংলাদেশ মহিলা পরিষদের রাজশাহী শাখার সাধারণ সম্পাদক কল্পনা রায়। বিকেলে দ্বিতীয় পর্বে কবি ও চিত্রশিল্পী আশফাকুল আশেকীনের সভাপতিত্বে কাব্যকথন, কবিকণ্ঠে কবিতা পাঠ ও আবৃত্তি আনুষ্ঠানের আয়োজন করা হয়।