'দুই দেশের সামরিক সহযোগিতা অভূতপূর্ব পর্যায়ে উন্নীত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামরিক সহযোগিতা নিয়ে চুক্তি সই, উচ্চপর্যায়ের সফর বিনিময় এবং ভবিষ্যতে সহযোগিতা বাড়ানোর অঙ্গীকারের মধ্য দিয়ে বাংলাদেশ-চীন সামরিক সহযোগিতা অভূতপূর্ব পর্যায়ে পৌঁছেছে।
গতকাল মঙ্গলবার চীনের পিপলস আর্মির (পিএলএ) ৮৮তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তৃতায় চীনা দূতাবাসের ডিফেন্স অ্যাটাশে সিনিয়র কর্নেল ঝ্যাং ওয়ে এ মন্তব্য করেন।
গতকাল সন্ধ্যায় চীন দূতাবাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশের সঙ্গে চীনের সামরিক সহযোগিতার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের সহযোগিতা অভূতপূর্ব পর্যায়ে পৌঁছেছে। তিনি জানান, সামরিক সহযোগিতা জোরদারের জন্য উচ্চপর্যায়ের সফর বিনিময়ের আয়োজন করা হচ্ছে। এরই অংশ হিসেবে চীনের বিমানবাহিনী প্রধান ও চায়নিজ সেন্ট্রাল মিলিটারি কমিশনের ভাইস চেয়ারম্যান মার্শাল জু কিলিয়াং ও ভাইস প্রেসিডেন্ট লিউ ইয়ানডং সম্প্রতি বাংলাদেশ সফর করেন। চীনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সদস্যরা রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ ছাড়া দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা নিয়ে অনেকগুলো চুক্তি সই হয়েছে।
চীনের পিএলএ নৌবাহিনীর ভাসমান হাসপাতাল আবারও চট্টগ্রাম সফর করে স্থানীয় লোকজনকে স্বাস্থ্যসেবা দিয়েছে। বাংলাদেশ হচ্ছে পৃথিবীর একমাত্র দেশ, যেখানে চীনের নৌবাহিনীর ভাসমান হাসপাতাল দুবার স্বাস্থ্যসেবা দিয়েছে।
তিন দশক ধরে বাংলাদেশ ও চীনের মধ্যে ঘনিষ্ঠ প্রতিরক্ষা সহযোগিতা অব্যাহত রয়েছে। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর জন্য চীন শুধু বিশ্বস্ত ও সহজলভ্য দামে সমরাস্ত্র ও যন্ত্রপাতির জোগানদাতাই নয়, বাংলাদেশকে সামরিক প্রযুক্তি ও প্রশিক্ষণও দিচ্ছে চীন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরের সময় ভবিষ্যতে দুই দেশ সামরিক সহযোগিতা আরও বাড়াতে রাজি হয়েছে। এরই অংশ হিসেবে দুই পক্ষের মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময়, প্রশিক্ষণ কর্মসূচি, যৌথ মহড়া, সমরাস্ত্র কেনাকাটা এবং সন্ত্রাসবাদ দমন, দস্যুতা রোধ, শান্তিরক্ষা কার্যক্রম ও দুর্যোগ ব্যবস্থাপনায় নিরাপত্তা সহযোগিতা বাড়ানো হবে।