'দুই বছরের মধ্যে বাল্যবিবাহের হার অর্ধেক হবে'
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ কার্যকর হলে আগামী দুই বছরের মধ্যে বাল্যবিবাহের হার অর্ধেকে নেমে আসবে। এ জন্য যা করার দরকার সরকার তা করবে।
প্রতিমন্ত্রী বলেন, ১৮ বছরের কম বয়সী কোনো মেয়েকে বিয়ে দেওয়া যাবে না, যা বর্তমান আইনেও স্পষ্টভাবে বলা আছে। তবে বিভিন্ন মহল এ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। প্রতিটি আইনে কিছু ব্যতিক্রম থাকে, ব্যতিক্রম কখনই উদাহরণ হতে পারে না। এ আইনের বিশেষ বিধান মেয়েদের সর্বোচ্চ স্বার্থরক্ষায় রাখা হয়েছে।
আজ বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগমের সভাপতিত্বে এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রেবেকা মমিন, মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক সাহিন আহমেদ চৌধুরী, ইউএন উইমেনের এ দেশীয় প্রতিনিধি ক্রিস্টিন হান্টার প্রমুখ।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ১০৯২১ নম্বরটি হেল্প লাইন হিসেবে চালু ছিল। তবে বর্তমানে নম্বরটি হয়েছে ১০৯। প্রতিমন্ত্রী আনুষ্ঠানিকভাবে নতুন নম্বরটি ঘোষণা করেন।
হিজড়া আরিফা ইয়াসমিনের ‘জয়িতা’ পদক লাভ: মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে জাতীয় পর্যায়ে পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজন নারীকে জয়িতা পদক দেওয়া হয়েছে। সমাজ উন্নয়নে অবদান রাখায় দেশে এবারই প্রথম হিজড়া (সরকার হিজড়াদের তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দিয়েছে) আরিফা ইয়াসমিন এ পদক পেয়েছেন। অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী শার্লী মেশৈপ্রু, শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী হোসনে আরা, সফল জননী হিসেবে ফিরোজা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী—এ ক্যাটাগরিতে মর্জিনা বেগম এ পদক পেয়েছেন। প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি পদকপ্রাপ্তদের একটি সনদ, একটি ক্রেস্ট এবং ৫০ হাজার টাকার চেক তুলে দেন। বিজ্ঞপ্তি