'দুই বেলা খাই, এক বেলা উপাসকরি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘যে মজুরি পাই এই টাকায় কীভাবে চলব! দুই বেলা খাই। এক বেলা উপাস করি। বাচ্চাকাচ্চারে পড়ালেখা করাইব কী!’

গত শনিবার প্রথম আলোকে কথাগুলো বলেন মৌলভীবাজারের রাজনগর উপজেলার মাথিউরা চা-বাগানের নারী শ্রমিক মুনিয়া গোড় (৫০)। এ রকম কষ্ট দেশের (মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ ও চট্টগ্রাম) ১৫৪টি চা-বাগানের প্রায় এক লাখ চা-শ্রমিকের। এ বাগানের ৯৩টিই মৌলভীবাজার জেলায় অবস্থিত।

জিনিসপত্রের দাম বাড়ছেই। চা-শ্রমিকদের মজুরি বাড়ছে সামান্য। গত এপ্রিল মাস পর্যন্ত তাঁরা দৈনিক মজুরি পেয়েছেন ৫৫ টাকা। এ মাসে এক দফায় সাত টাকা বাড়িয়ে ৬২ টাকা করা হয়। শ্রমিকদের আন্দোলনের মুখে গত মঙ্গলবার আরও সাত টাকা বাড়িয়ে ৬৯ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন মজুরি ১ জুন থেকে কার্যকর হওয়ার কথা।

চা-শ্রমিক ইউনিয়ন জানায়, দুই বছর পর পর চা-শ্রমিক ইউনিয়ন ও চা-বাগানের মালিকদের সংগঠন বাংলাদেশীয় চা-সংসদের মধ্যে মজুরি ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে চুক্তি সম্পন্ন হয়ে থাকে। চা-শ্রমিক ইউনিয়ন ২০০৯ সালের ৩০ আগস্ট সবর্শেষ চা-সংসদের সঙ্গে চুক্তি করে। তখন শ্রমিকদের দৈনিক মজুরি ৩০ টাকা থেকে ৪৮ টাকা, দুর্গা পূজা ও দোল উৎসবে (লাল পূজা) ভাতা (বোনাস) ৫০০ টাকা থেকে এক হাজার ২৫০ টাকা করাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়ানো হয়। ওই চুক্তির মেয়াদ ২০১১ সালের ৩০ আগস্ট শেষ হয়। কিন্তু কমিটি নিয়ে জটিলতার কারণে চুক্তি আর নবায়ন করা হয়নি। মালিকপক্ষ গত বছর মজুরি সাত টাকা বাড়িয়ে ৫৫ টাকা করে।

মাথিউরা চা-বাগানের শ্রমিক (পাহারাদার) লালন রাজভর প্রথম আলোকে বলেন, ‘৬২ টাকা বা ৬৯ টাকা হাজিরায় একটা শ্রমিকের কোনো অবস্থায় চলা সম্ভব নয়। কারণ, এক কেজি চাল ৩০ টাকা। তেল-নুন আছে। কাপড়চোপড় কেনার কথা তো ভাবাই যায় না।’

চা-বাগান কর্তৃপক্ষ ও শ্রমিকদের কাছ থেকে জানা যায়, চা-পাতার নিরিখ (দৈনিক পাতা উত্তোলনের মাপ) হচ্ছে ২২ কেজি। এর নিচে হলে মজুরি কেটে নেওয়া হয়। ২২ কেজি কাঁচা পাতা থেকে কম করে হলেও ছয় কেজি আসল (বিক্রির উপযোগী) পাতা হয়। ছয় কেজি পাতা বিক্রি হচ্ছে এক হাজার ৬৮০ থেকে এক হাজার ৮০০ টাকা (২৮০ থেকে ৩০০ টাকা কেজি হিসেবে)। এখন পাতা উত্তোলনের মৌসুম। একজন শ্রমিক ৭০ থেকে ১৫০ কেজি পর্যন্ত পাতা উত্তোলন করছেন।

এদিকে চা-শ্রমিকেরাও এক হয়ে তাঁদের মজুরি বাড়ানোর দাবি সামনে আনতে পারছেন না। চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটির দাবি হচ্ছে ১২০ টাকা, আহ্বায়ক কমিটির দাবি ১৫০ এবং চা-শ্রমিক ফেডারেশন ও চা-শ্রমিক সংঘ ৩০০ টাকা মজুরি দাবি করছে।

চা-শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক বিজয় বুনার্জী বলেন, ‘আমরা ১৫০ টাকা দাবি করেছি। এ টাকা যথেষ্ট নয়। মন্ত্রীর আশ্বাসে আমি লেবার হাউসের দায়িত্ব হস্তান্তর করেছি নির্বাচনের জন্য। সুষ্ঠু নির্বাচন হলে কমিটি শ্রমিকদের স্বার্থ দেখতে পারবে।’

বাংলাদেশীয় চা-সংসদের ভাইস চেয়ারম্যান মো. শাহ আলম প্রথম আলোকে বলেন, ‘শ্রমিকদের মজুরির টাকার বিষয়টি হয়তো চোখে পড়ে। কিন্তু এর বাইরে ভর্তুকির রেশন (এক টাকা ৩০ পয়সা দরে চাল), ধান চাষ, গরু পালন, বছরে ২০ দিন পূর্ণ মজুরিতে ছুটি, বিনা মূল্যে চিকিৎসা, থাকার ঘর, অবসরে গেলে বদলির কাজসহ আরও অনেক সুবিধা দেওয়া হয়। এসব একসঙ্গে হিসাবে ধরলে মজুরি ১০০ টাকার বেশ ওপরে হয়। আমরা শ্রমিকদের পুরো পরিবারের দেখাশোনা এবং তাঁদের সঙ্গে আন্তরিকভাবে থাকতে চাই।’

বাংলাদেশ চা-শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক সত্য নাইডু শনিবার প্রথম আলোকে বলেন, ‘মাসে ২৬ দিনে (৬২ টাকা হিসাবে) এক হাজার ৬১২ টাকা পান একজন শ্রমিক। বাসা, চিকিৎসা ও খাদ্যদ্রব্যের যে সুবিধার কথা বলা হয়, তা খুবই অপ্রতুল। কারণ রেশন হিসেবে সপ্তাহে মাত্র সাড়ে তিন কেজি চাল বা আটা দেওয়া হয়। এ ছাড়া ২৫০ থেকে ৩০০ বছর হলো শ্রমিকেরা বাগানে আছেন। কিন্তু তাঁদের বসতভিটার মালিকানা নেই।’