‘নতুন গাড়িই আমার সংসারটারে তছনছ কইরা দিল। আমি এখন কী নিয়ে বাঁচব? আমাদের দুই ভাইয়ের সংসারটা একেবারে শেষ হয়ে গেছে। আমাদের এখন বেঁচে থাকা, আর না থাকা একই কথা।’ বিলাপ করতে করতে কথাগুলো বলছিলেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকার ব্যবসায়ী শফিকুল ইসলাম।
গোয়ালবাথানে গত রোববার অরক্ষিত রেল ক্রসিংয়ের ওপর উঠে পড়া একটি প্রাইভেট কারকে ধাক্কা দেয় ঢাকা থেকে কলকাতাগামী ট্রেন মৈত্রী এক্সপ্রেস। এরপর গাড়িটি ট্রেনের সামনের অংশে আটকে গেলে কারটিকে প্রায় এক কিলোমিটার পর্যন্ত নিয়ে যায় ট্রেনটি। সেতুর ওপর ওঠার পর কারটি সেতুর ফাঁক দিয়ে নদীতে পড়ে যায়। এ ঘটনায় শফিকুলের স্ত্রী সুনিয়া আক্তার (৩০) ও ছেলে তৌসিন আহমদ তালহা (৬), শফিকুলের চাচাতো ভাই রিপন হোসেনের স্ত্রী লাকী আক্তার (৩০) ও মেয়ে রিভা আক্তার (৫) এবং প্রাইভেট কারের চালক মিনহাজ (৪৫) নিহত হন।
গতকাল সোমবার বিকেলে শফিকুলের বাড়িতে গিয়ে দেখা যায়, তিনি ও রিপন বাড়ির উঠানে বিলাপ করছেন। কিছু পরপরই তাঁরা মূর্ছা যাচ্ছিলেন। সান্ত্বনা দিতে আত্মীয়স্বজন ও গ্রামের লোকজন ভিড় করেছেন ওই বাড়িতে।
উপস্থিত স্বজনেরা বলেন, কয়েক মাস আগেই স্ত্রীর পছন্দে নতুন কারটি কিনেছিলেন শফিকুল। সেই কারে করেই তাঁর স্ত্রী-ছেলে ও চাচাতো ভাই রিপনের স্ত্রী-মেয়ে স্কুলে যাতায়াত করত। তাঁরা আরও বলেন, রোববার বিকেলেই দুর্ঘটনায় নিহত চার স্বজনকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। আর প্রাইভেট কারের চালক মিনহাজের লাশ ওই দিনই তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
তদন্ত কমিটি গঠন
দুর্ঘটনার বিষয়টি তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ। রেলের পাকশী বিভাগের ব্যবস্থাপক অসীম কুমার তালুকদার গতকাল বলেন, দুর্ঘটনার দিনই পাকশী বিভাগের প্রকৌশলী-২ মো. আসাদুল হককে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন জমা দিতে কমিটিকে ১৩ জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
ঢাকায় কমলাপুর রেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিন ফারুক বলেন, এই দুর্ঘটনায় রেল কর্মকর্তা মাহবুব হাসান একটি মামলা করেছেন।