‘দুই মিনিটের রাস্তা, পার হতে আধা ঘণ্টা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৌলতদিয়া-খুলনা সড়কের রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকার তিন কিলোমিটারজুড়ে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এতে প্রতিদিন মানুষকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে।সরেজমিনে ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, সড়কের দৌলতদিয়া ঘাট থেকে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় পর্যন্ত ১৩ কিলোমিটার রাস্তা অপ্রশস্ত হওয়ায় এবং ভেঙে খানাখন্দ তৈরি হওয়ায় প্রতিনিয়ত ঘটছে ছোটবড় নানা দুর্ঘটনা। প্রতিদিন এই সড়ক দিয়ে কমপক্ষে আট থেকে ১০ হাজার যানবাহন চলাচল করে। এ সড়কে দৌলতদিয়ার প্রায় তিন কিলোমিটার হলো অত্যধিক যানজট ও ব্যস্ততম এলাকা। বিআইডব্লিউটিসির বুকিং কাউন্টার থেকে ফেরিঘাটের সম্মুখভাগ পর্যন্ত সড়কের এমনই নাজুক অবস্থা যে বড় বড় গর্ত ও খানাখন্দে জলাবদ্ধতা দেখা দিয়েছে। সড়কের দুই পাশও ভাঙাচোরা হওয়ায় যানবাহন মূল সড়ক থেকে উল্টে পড়ার জোগাড় হয়।ট্রাকচালক নজরুল ইসলাম বলেন, ‘সারা রাস্তা শেষে দৌলতদিয়া টার্মিনালের কাছে আসা মাত্র দুই মিনিটের রাস্তা পার হতে সময় লাগে প্রায় আধা ঘণ্টা। চলতে গেলে মনে হয়, এই বুঝি উল্টে গেলাম।’দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক ওয়াহেদুজ্জামান বলেন, ‘ঘাটে চাকরি করতে এসে আমার আয়ু কমে গেছে কয়েক বছর। একে তো সারা দিন ভিআইপি নিয়ে ব্যস্ত থাকতে হয়। পাশাপাশি সড়কজুড়ে গর্ত, খানাখন্দ ও কাদা-পানির মধ্যে কাজ করতে গিয়ে অতিষ্ঠ হয়ে পড়েছি। এরপর যদি শুরু হয় যানজট, তাহলে তো যানবাহনের সিরিয়াল ঠিক রাখতে গিয়ে কষ্টের সীমা থাকে না।’সড়ক ও জনপথের রাজবাড়ীর উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম জানান, সম্প্র্রতি দৌলতদিয়া থেকে রাজবাড়ী সদর উপজেলার সীমান্তবর্তী বসন্তপুর পর্যন্ত ১৭ কিলোমিটার সড়কের সংস্কারকাজের জন্য প্রায় আট কোটি ৩২ লাখ টাকার দরপত্র আহ্বান করা হয়েছে। আগস্ট নাগাদ কাজ শুরুর প্রক্রিয়া চলছে; সঙ্গে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া বুকিং কাউন্টার থেকে বাংলাদেশ হ্যাচারিজ পর্যন্ত আড়াই কিলোমিটার সড়ক দুই লেন থেকে চার লেনে উন্নীত করা হবে।