'দুই মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয় জব্বারের নির্দেশে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির সাবেক নেতা পলাতক ইঞ্জিনিয়ার আবদুল জব্বারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল সোমবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের তৃতীয় সাক্ষী আবুল মেকার। জবানবন্দিতে তিনি বলেন, একাত্তরে জব্বারের নির্দেশে দুই মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক বিশ্বাস ও মোতালেব শরীফকে হত্যা করে রাজাকাররা।

বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আবুল মেকার (৭৭) জবানবন্দিতে বলেন, তিনি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উদয়তারা বুড়িরচর গ্রামের বাসিন্দা। একাত্তরে তিনি তুষখালী বাজারে দোকানদারি করতেন। আসামি জব্বারকে তিনি আগে থেকেই চিনতেন। একাত্তরের ১৬ মে তুষখালী উচ্চবিদ্যালয় মাঠে এক সভায় আবদুল জব্বার বক্তৃতা করেন। ওই সভা থেকে ফুলঝুড়ি গ্রামের মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক বিশ্বাস ও মোতালেব শরীফকে জীবিত অথবা মৃত অবস্থায় তাঁর সামনে এনে হাজির করতে রাজাকার কমান্ডার ইস্কান্দার আলী মৃধাকে নির্দেশ দেন জব্বার। নির্দেশ অনুসারে ওই দিন বিকেলেই আবদুর রাজ্জাক ও মোতালেব শরীফকে হত্যা করা হয়। এ ছাড়া জব্বারের নির্দেশে পরদিন সন্ধ্যায় তুষখালীর কুলুপাড়া ও নাথপাড়ায় গিয়ে রাজাকার বাহিনী হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি লুট করে জ্বালিয়ে দেয়।

রাষ্ট্রপক্ষের এই সাক্ষী জবানবন্দিতে একাত্তরের ৬ অক্টোবর সূর্যমণি গ্রামের ২২ জন হিন্দুকে গুলি করে হত্যার বিবরণও তুলে ধরেন। আজ মঙ্গলবার আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী তাঁকে জেরা করবেন।

হাসান আলীর বিচার হবে তাঁর অনুপস্থিতিতে: ব্রাহ্মণবাড়িয়ার সৈয়দ মো. হাসান আলীকে পলাতক ঘোষণা করে তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার কার্যক্রম আসামির অনুপস্থিতিতেই শুরু করার জন্য গতকাল আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল-১। আদেশে আরও বলা হয়, হাসান আলীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুস শুকুর খান রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করবেন। ২২ সেপ্টেম্বর হাসান আলীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে।

হাসান আলীর বিরুদ্ধে গত ৩ এপ্রিল এই ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

সুবহানের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য আজ: জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুহাম্মদ আবদুস সুবহানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত কর্মকর্তা ও রাষ্ট্রপক্ষের শেষ সাক্ষীর সাক্ষ্য গ্রহণের জন্য আজ দিন ধার্য করা হয়েছে।

বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গতকাল এ দিন ধার্য করেন। এই মামলার তদন্ত কর্মকর্তা নূর হোসেন আজ রাষ্ট্রপক্ষের ৩০তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেবেন। এর আগে রাষ্ট্রপক্ষে ঘটনার বিষয়ে ২৭ জন এবং দুজন জব্দ তালিকার ওপর সাক্ষ্য দেন।

গত ৩১ ডিসেম্বর ট্রাইব্যুনাল-১ সুবহানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের নয়টি অভিযোগ গঠন করে বিচার শুরু করেন। তবে সাক্ষ্য গ্রহণ শুরুর আগে গত ২৭ মার্চ মামলাটি  ট্রাইব্যুনাল-২-এ স্থানান্তর করা হয়। ৭ এপ্রিল থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সুবহান কারাগারে আটক রয়েছেন।