জাতীয় পার্টির সাবেক নেতা পিরোজপুরের ইঞ্জিনিয়ার আবদুল জব্বারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল বুধবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের নবম সাক্ষী আহমেদ মিয়া। জবানবন্দিতে তিনি বলেছেন, একাত্তরে মুক্তিযুদ্ধকালে আবদুল জব্বারের নির্দেশে রাজাকাররা ফুলঝুড়ি গ্রামের দুই মুক্তিযোদ্ধাকে গুলি করে হত্যা করে।
বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল জবানবন্দিতে আহমেদ মিয়া (৬০) গত মঙ্গলবার ট্রাইব্যুনালে দেওয়া রাষ্ট্রপক্ষের অষ্টম সাক্ষী মোজাম্মেল হক শরীফের অনুরূপ জবানবন্দি দেন। গতকাল প্রথমে মোজাম্মেল হকের অসমাপ্ত জেরা শেষ করে আসামিপক্ষ। এরপর আহমেদ মিয়া জবানবন্দি শুরু করেন।
জবানবন্দিতে আহমেদ মিয়া বলেন, তাঁর গ্রামের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া থানার ফুলঝুড়ি গ্রামে। বর্তমানে তিনি তুষখালী বাজারে ব্যবসা করেন। তাঁর বাড়ির উত্তরে ছিল মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক বিশ্বাসের বাড়ি, আর দক্ষিণে মুক্তিযোদ্ধা মোতালেব শরীফের বাড়ি। মুক্তিযুদ্ধ শুরু হলে আবদুর রাজ্জাক ও মোতালেব শরীফ মুক্তিযোদ্ধাদের সংগঠিত করতে থাকেন। এই খবর জানার পর ১৯৭১ সালের ১৬ মে তুষখালী হাইস্কুল মাঠে অনুষ্ঠিত এক সভায় আবদুল জব্বার উপস্থিত রাজাকারদের নির্দেশ দেন, আবদুর রাজ্জাক ও মোতালেব শরীফকে জীবিত বা মৃত অবস্থায় তাঁর সামনে হাজির করতে হবে। ওই নির্দেশ পাওয়ার পর রাজাকাররা ফুলঝুড়ি গ্রামে ওই দুই মুক্তিযোদ্ধার বাড়িতে আক্রমণ করে। এ সময় মোতালেব শরীফ পালাতে গেলে রাজাকাররা তাঁকে গুলি করে হত্যা করে। আর আবদুর রাজ্জাকের নাভির নিচে গুলি করা হয়, তাঁকে মৃত ভেবে রাজাকাররা ফেলে রেখে যায়। তিন দিন পর আবদুর রাজ্জাক মারা যান।
জবানবন্দি শেষে রাষ্ট্রপক্ষের এই সাক্ষীকে জেরা করেন আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবুল হাসান। এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আজ বৃহস্পতিবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।