'দুই-আড়াই কাঠা জমিতে ভবন করতে দেওয়া উচিত নয়'
এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, ভবন নির্মাণের জন্য জমির একটি নির্দিষ্ট আকার ঠিক করে দিতে হবে। এখন দুই কাঠা-আড়াই কাঠা জমিতে যে ছোট ছোট ভবন হচ্ছে, তা করতে দেওয়া উচিত না। বরং সবাই মিলে একটি বাসযোগ্য বড় ভবন নির্মাণ করা উচিত। আবাসন ব্যবসায়ীরা সরকারকে বলে এটা করিয়ে নিতে পারে। আবাসন ব্যবসায়ীরা তো এখন অনেক প্রভাবশালী।
আজ রোববার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে প্রথম আলো ও ক্রাউন সিমেন্ট আয়োজিত ‘পরিবেশবান্ধব নির্মাণ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে জামিলুর রেজা এ কথা বলেন। বিশিষ্ট স্থপতি, প্রকৌশলী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সরকারি সংস্থা ও বেসরকারি খাতের প্রতিনিধিরা গোলটেবিলে বক্তব্য দেন।
অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, সাত বছর আগে মেক্সিকোতে টেকসই নির্মাণ নিয়ে একটি কাজ করার সুযোগ হয়েছিল। সেখানে মেক্সিকো ইশতেহার নামে একটি ঘোষণা দেওয়া হয়, তার নাম ছিল ‘ত্রিপল জিরো’ (তিন শূন্য)। এই তিন শূন্য মানে হলো নির্মাণসামগ্রী উৎপাদনে পরিবেশ দূষণ শূন্যে নামিয়ে আনা, ভবন ব্যবহারকালে দূষণ শূন্যে নামিয়ে আনা এবং ভবন ভাঙা বা পুনর্নির্মাণ কালে দূষণ শূন্যে নামিয়ে আনা। জার্মানি হলো প্রথম দেশ যারা আগামী তিন-চার বছরের মধ্যে এটি অর্জন করতে পারবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানে মাটি পুড়িয়ে তৈরি করা ইটের বিপরীতে বিভিন্ন পরিবেশবান্ধব বিকল্প এসেছে। এগুলোর ব্যবহার বাড়াতে প্রচারণা চালানো দরকার। পাশাপাশি নির্মাণকালে পরিবেশ সুরক্ষায় আইন প্রয়োগে সরকারকে কঠোর হতে হবে। রাজধানীর বাতাসে উচ্চমাত্রায় ধূলিকণার অন্যতম কারণ নির্মাণকাজ চলাকালে ইট-বালু রাস্তায় ফেলে রাখা ও খোলা ট্রাকে পরিবহন। এটা ঠেকাতে আইন আছে। তাঁরা বলেন, পরিবেশবান্ধব নির্মাণে জোর দেওয়ার এখনই সময়। শহরকে পরিকল্পিতভাবে গড়ে তুলতে হবে। ভবন নির্মাণের ক্ষেত্রে পরিবেশবান্ধব নকশা করা, পরিবেশবান্ধব উপকরণ ব্যবহার করতে হবে এবং নির্মাণকালে বায়ু দূষণ ও শব্দদূষণ রোধে ব্যবস্থা নিতে হবে।
হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের (এইচবিআরআই) পরিচালক মোহাম্মদ আবু সাদেক ‘পরিবেশবান্ধব নির্মাণ ও বিকল্প প্রযুক্তি’ শিরোনামে একটি উপস্থাপনা তুলে ধরেন। তিনি বলেন, প্রতি বছর দেশে প্রায় আড়াই হাজার কোটি ইট তৈরি হয়। এতে প্রায় সাড়ে ৬ কোটি টন ভূমির উপরিভাগের উর্বর মাটি ব্যবহার করা হয়। ইট পোড়াতে ৫০ লাখ কয়লা ও ৩০ লাখ টন কাঠ পোড়ানো হয়। এতে প্রায় দেড় কোটি টন কার্বন নিঃসরণ হয়।
ইটের বিকল্প হিসেবে ফেরো সিমেন্ট, স্যান্ড সিমেন্ট, অটোক্লেভড অ্যারেটেড কনক্রিট (এসিসি), সেলুলার লাইটওয়েট কংক্রিট (সিএলসি) ইত্যাদি বিকল্প পণ্য ও প্রযুক্তি এসে গেছে বলে উল্লেখ করেন আবু সাদেক। তিনি দেশে এসব উপকরণ দিয়ে তৈরি কয়েকটি ভবনের ছবিও দেখান। তিনি বলেন, এসব উপকরণের খরচও তুলনামূলক কম।
বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সাবেক সভাপতি মোবাশ্বের হোসেন বলেন, পরিবেশবান্ধব নির্মাণকে দুই ভাগে ভাগ করা যায়। এক দিক হলো ভবনটি পরিবেশবান্ধব করে নির্মাণ করা। অন্য দিকটি হলো নির্মাণকালে পরিবেশ রক্ষা করা। তিনি বলেন, ‘বাংলাদের উর্বর মাটি দিয়ে তৈরি ইট ভারতে রপ্তানি হচ্ছে। আমি একবার ত্রিপুরার এক মন্ত্রীর কাছে জানতে চেয়েছি, তাদের কেন বাংলাদেশ থেকে ইট নিতে হয়। তিনি আমাকে জানান ত্রিপুরায় উপরিভাগের উর্বর মাটি ইট তৈরিতে ব্যবহার করার ক্ষেত্রে কঠোরতা আছে।’
গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আইনুল ফরহাদ বলেন, আগুনে না পুড়িয়ে ইট তৈরির জন্য জাপানের সহায়তায় এইচবিআরআই একটি প্রকল্প নিয়েছে। এটা সফল হলে উর্বর মাটি ব্যবহার করে ইট তৈরি কমানো যাবে।
প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় অনুষ্ঠানে নগর উন্নয়ন অধিদপ্তরের পরিচালক খুরশীদ জাবিন হোসেন, বাংলাদেশ প্ল্যানার্স ইনস্টিটিউটের সভাপতি একেএম আবুল কালাম, ক্রাউন সিমেন্টের টেকনিক্যাল অ্যাডভাইজার মো. শাহ্ আলম, জিপিএইচ ইস্পাতের নির্বাহী পরিচালক মাদানি এম ইমতিয়াজ, শেলটেকের ব্যবস্থাপনা পরিচালক তৌফিক এম সেরাজ, বুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক আফসানা হক প্রমুখ বক্তব্য দেন।