২৫০ শয্যার কক্সবাজার সদর হাসপাতালের ১৫টি ওয়ার্ডে প্রতিদিন রোগী ভর্তি থাকেন প্রায় ৫৫০ জন। বহির্বিভাগে চিকিৎসাসেবা নেন
এক হাজারের বেশি রোগী। সেবা দিতে হাসপাতালে ৩২ জন চিকিৎসক ও ৩৭ জন নার্স রয়েছেন। রোগীর চাপ সামাল দিতে হিমশিম খেতে হয় চিকিৎসক ও নার্সদের।
গতকাল রোববার দুপুরে হাসপাতালের ৩০ শয্যার মহিলা মেডিসিন ওয়ার্ডে গিয়ে দেখা যায় ৯০ জন রোগী ভর্তি আছেন। শয্যার অভাবে বেশির ভাগ রোগীর চিকিৎসা চলছে মেঝেতে। মাত্র দুজন নার্স রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছেন। একজন নার্স মেঝেতে
থাকা এক রোগীকে স্যালাইন পুশ করছেন। অন্যজন রোগীর ফাইল দেখে ওষুধ খাওয়াচ্ছেন। একই সময়ে অন্য রোগীরাও দুজন নার্সকে ডাকছেন। কার কথা শুনবেন, কাকে ফেলে কাকে আগে সেবা দেবেন, তা ঠিক করতেই গলদঘর্ম হচ্ছেন তাঁরা।
একই অবস্থা ৩০ শয্যার শিশু ওয়ার্ডেও। সেখানেও ৭০ জন রোগীর সেবা দিতে রয়েছেন মাত্র দুজন নার্স। পুরুষ মেডিসিন ওয়ার্ডে রোগী ভর্তি আছেন ৭৬ জন। কিন্তু নার্স কেবল দুজন। এই ওয়ার্ডের রোগী মো. সেলিম (৩৮) বলেন, ‘দুজন নার্স দিয়ে ৭৬ জন রোগীর সেবা কী করে সম্ভব? টাকার সংকট না থাকলে আজই অন্য হাসপাতালে চলে যেতাম।’
নার্স জয়ন্তী রানী দে বলেন, ‘আমরা (নার্সরা) দম ফেলারও সময় পাই না। এরপরও রোগী ও রোগীর আত্মীয়স্বজনদের সব অভিযোগ নার্সদের বিরুদ্ধে। আমাদের পরিশ্রম আর কষ্টের কথা কেউ চিন্তা করে না।’ একই কথা বলেন সিনিয়র স্টাফ নার্স ছবি চক্রবর্তী ও ঝর্ণা রানী দে।
হাসপাতালের উপসেবা তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) অঞ্জলী রায় বলেন, ২৫০ শর্যার এই হাসপাতালে যত নার্স দরকার এর অর্ধেকও নেই। সব মিলিয়ে নার্স রয়েছেন মাত্র ৪০ জন। এর মধ্যে তিনজন আছেন ছুটিতে। ফলে রোগীরা ঠিকমতো সেবা পাচ্ছেন না।
কক্সবাজার ডিপ্লোমা নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি দৌলতুন্নেছা বেগম বলেন, ‘প্রতিদিন রোগীর সঙ্গীদের গালমন্দ আর লাঞ্ছনা সহ্য করেই আমরা (নার্সরা) দায়িত্ব পালন করে চলেছি। একটি ওয়ার্ডে তিনটি শিফটে যেখানে ১৮ জন নার্স কাজ করার কথা, সেখানে আমরা মাত্র পাঁচজন মিলে সেই কাজ চালাচ্ছি। এতে রোগীদের যেমন শতভাগ সেবা নিশ্চিত করা যাচ্ছে না, তেমনি টানা কাজ করতে গিয়ে নার্সদের অনেকে অসুস্থ হয়ে পড়ছেন।’
হাসপাতালের তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) আকতারুল ইসলাম বলেন, ২০০১ সালের দিকে ১০০ শয্যার সরকারি এই হাসপাতালটি ২৫০ শয্যায় উন্নীত হলেও সে অনুযায়ী লোকবল প্রদায়ন হয়নি।
কক্সবাজার জেলা সিভিল সার্জন পু চ নু বলেন, নার্স-সংকট শুধু কক্সবাজার সদর হাসপাতালে নয়। সারা দেশের চিত্র একই রকম। সরকার ৯ হাজার ৬০০ নার্সকে নিয়োগ দিতে যাচ্ছে। তখন সমস্যা অনেকটা কমে আসবে। রোগীরাও আরও ভালো সেবা পাবেন, নার্সদেরও দুর্ভোগ কমবে।