‘দুদক কর্মকর্তারা আ.লীগের কর্মী’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) তলব নোটিশের বক্তব্য দিয়ে ‘দুদক কর্মকর্তারা আওয়ামী লীগের কর্মী’ বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সভাপতি এম ইলিয়াস আলী। গতকাল সোমবার দুপুরে তিনি তাঁর আইনজীবীসহ সিলেটে দুদকের কার্যালয়ে যান। তাঁর সঙ্গে তখন বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মী ছিলেন।দুদক সূত্র জানায়, ইলিয়াস ‘চাঁদা আদায়’ অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁর বক্তব্যের শেষে দুদকের কর্মকর্তাদের আওয়ামী লীগের নির্দেশে অনৈতিক কাজ না করার আহ্বান জানান। ইলিয়াস দুদকের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘আইনবহির্ভূতভাবে এ নোটিশ দেওয়া হয়েছে। এই নোটিশ সম্পূর্ণ বেআইনি।’ইলিয়াসের এ কথার জবাবে দুদক সিলেট কার্যালয়ের উপপরিচালক খন্দকার এনামুল বাছির বলেন, ‘দুদকের এ নোটিশ আইনসম্মত। তদন্তেই এর প্রমাণ মিলবে।’কার্যালয় থেকে ফেরার পথে ইলিয়াস নোটিশদাতা দুদকের কর্মকর্তাকে ছাত্রলীগের কর্মী বলে অভিহিত করেন। এ ধরনের অভিধা দেওয়াকে দুদকের উপপরিচালক ‘অনুচিত’ বলে প্রতিবাদ করেন।তবে এ ব্যাপারে দুদকের উপপরিচালকের কাছে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। দুদকের নোটিশের পরিপ্রেক্ষিতে ইলিয়াসের বক্তব্য ‘শ্রবণ’ করতেই কার্যালয়ে তলব করা হয়েছিল এবং কাজটি যথাযথভাবে সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।দুদকের কার্যালয় থেকে বের হয়ে ইলিয়াস আলী উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘দুদক কর্মকর্তারা আওয়ামী লীগের কর্মী হিসেবে ব্যবহূত হচ্ছেন। একটি রাজনৈতিক দলের সভা-সমাবেশ কীভাবে হয় না-হয়, এ ব্যাপারে দুদকের জিজ্ঞাসা করার এখতিয়ার নেই।’ইলিয়াস বলেন, ‘বিএনপি একটি রেজিস্টার্ড রাজনৈতিক দল। এ দলের কার্যক্রম ও আয়-ব্যয়ের হিসাব-নিকাশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিবছর দাখিল করা হয়। দুদকের নোটিশ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’সিলেটে গত বছরের ১১ অক্টোবর চারদলীয় জোটের রোডমার্চ ও জনসভায় এক কোটি ২০ লাখ টাকা ‘চাঁদা আদায়’ ও ‘জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন’-এর অভিযোগে গত বৃহস্পতিবার দুদক সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেনের স্বাক্ষরিত নোটিশ জারি করা হয়।দুদক আইনের ১৯ ও ২০ ধারা এবং কমিশন বিধিমালার ২০ বিধিসহ ফৌজদারি কার্যবিধির ১৬০ ধারা মতে, অভিযুক্ত ব্যক্তির বক্তব্য ‘শ্রবণ’ করতেই এ নোটিশ (স্মারক নম্বর ১৭২) জারি করা হয়েছিল। এতে অভিযোগের সংক্ষিপ্ত বিবরণ হিসেবে ‘বিএনপির জনসভার জন্য এক কোটি ২০ লাখ টাকার চাঁদা আদায় ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ’ উল্লেখ করা হয়।