'দুদক কার্যালয়ের নাম শুনলে মানুষ ভীত হন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মো. বদিউজ্জামান বলেছেন, ‘দুদক কার্যালয়ের নাম শুনলে মানুষ ভীত হন। সেখানে শখ করে কেউ যান না। বিশেষ করে রাজনৈতিক নেতাদের জন্য এটি মহাসমস্যা হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক নেতারা ব্যক্তিগত কাজে গেলেও পরদিন পত্রিকার শিরোনাম হয় অমুক নেতাকে দুদক তলব করেছে।’
গতকাল শনিবার লক্ষ্মীপুর ডায়াবেটিক হাসপাতালের নতুন ভবনের নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে দুদকের চেয়ারম্যান এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. বদিউজ্জামান দুর্নীতির বিরুদ্ধে সজাগ থাকার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
লক্ষ্মীপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন জানান, ১৩ কোটি টাকা ব্যয়ে ডায়াবেটিক জেনারেল হাসপাতালের জন্য দুটি ভবন নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। সমাজসেবা অধিদপ্তর ও ডায়াবেটিক সমিতির যৌথ অর্থায়নে এ প্রকল্পের কাজ শেষ করা হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী, পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।