‘দুধের দাম পানির থ্যাও কম’
পাবনার বেড়া ও সাঁথিয়া উপজেলায় পানির দামেই যেন গরুর দুধ বিক্রি হচ্ছে। ২৭ জুন সাঁথিয়া উপজেলার সোনাতলা বাজারসহ বিভিন্ন বাজারে ১৪ থেকে ১৬ টাকা এবং বেড়া উপজেলার কাজীরহাট, হাটুরিয়া বাজারসহ বিভিন্ন বাজারে ১৬ থেকে ২০ টাকা লিটার দরে গরুর দুধ বিক্রি হতে দেখা গেছে।সাঁথিয়া উপজেলার সোনাতলা বাজারের দুধ ব্যবসায়ী ফজলুল হক বলেন, কয়েক দিন ধরেই এই বাজারে ১৪ থেকে ১৮ টাকা লিটার দরে দুধ বিক্রি হচ্ছে। এত সস্তায় দুধ কিনে এলাকার সাধারণ ক্রেতাদের হয়তো লাভ হচ্ছে, কিন্তু বারোটা বাজছে খামারিদের।সোনাতলা বাজারে দুধ বিক্রি করতে আসা আবদুর রাজ্জাক ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘বোতলে ভরা এক লিটার পানির দামও ১৫ টাকা। সে হিসেবে আমাগরে দুধের দাম পানির থ্যাও কম।’আড়ং দুধের এলাকা ব্যবস্থাপক অরবিন্দ রুদ্র বলেন, ‘হরতালের কারণে বেড়াসহ কয়েকটি কেন্দ্রে ২৭ জুন সকালে আমরা দুধ সংগ্রহ করিনি। পরিবহনজনিত সমস্যার কারণে মাঝে মধ্যে দুই-একটি কেন্দ্রে আমাদের দুধ সংগ্রহ বন্ধ রাখতে হয়।’সাঁথিয়ার সোনাতলা গ্রামের খামারি শাহজাহান আলী বলেন, গো-খাদ্যের দাম বেড়ে যাওয়ায় প্রতি লিটার দুধের উৎপাদন খরচ ২৫ থেকে ২৬ টাকা পড়ছে। অথচ সেই দুধ বাজারে নিয়ে ১৪ থেকে ২০ টাকা লিটারে বিক্রি করতে হচ্ছে।