'দুনিয়ার আদালতে বঞ্চিত হয়েছি, আখেরাতে ন্যায়বিচার পাব'
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার ফাঁসির আদেশে হতাশা প্রকাশ করেছেন তাঁর স্ত্রী সানোয়ার জাহান। তাঁর দাবি, তাঁরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন। তবে ‘আখেরাতের আদালতে ন্যায়বিচার’ পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আজ মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। সন্ধ্যায় জামায়াতে ইসলামীর দপ্তর থেকে ই-মেইলে কাদের মোল্লার স্ত্রীর নামে এই বিবৃতি পাঠানো হয়।
কাদের মোল্লার স্ত্রী সানোয়ার জাহান বলেন, ‘সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালত। এ আদালতের প্রতি আমরা সম্পূর্ণ শ্রদ্ধাশীল। কিন্তু আমরা মনে করি, এটি একটি ভুল রায়। এ রায়ের মাধ্যমে আমরা সংক্ষুব্ধ হয়েছি। এ রায় ন্যায়বিচারের সম্পূর্ণ পরিপন্থী। আমরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছি।’
তিনি বলেন, ‘আমরা দুনিয়ার আদালতে ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছি।কিন্তু আমরা বিশ্বাস করি, আখেরাতের আদালতে মহান আল্লাহর নিকট অবশ্যই আমরা ন্যায়বিচার পাব।’
মুক্তিযুদ্ধের সময় কাদের মোল্লা গ্রামের বাড়ি ফরিদপুরে ছিলেন দাবি করে তাঁর স্ত্রী বলেন, ‘আমার স্বামী রাজনৈতিক প্রতিহিংসার শিকার।’
সানোয়ার জাহান দাবি করেন, কাদের মোল্লার সাংবিধানিক অধিকার সংরক্ষণের জন্য পূর্ণাঙ্গ রায় পাওয়ার ৩০ দিনের মধ্যে রিভিউ পিটিশন দায়েরের সুযোগ রয়েছে। কিন্তু এ নিয়ে আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলের বক্তব্যে তাঁরা হতবাক হয়েছেন। সরকার তড়িঘড়ি করে কাদের মোল্লাকে ফাঁসিতে ঝুলাতে চাইছে বলেও তিনি অভিযোগ করেন।