‘দুর্গত এলাকার মানুষ ত্রাণ নয়, নিরাপদে বাঁচতে চায়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার শ্যামনগর, আশাশুনি ও খুলনার কয়রা উপজেলায় গত ১১ মাসেও ঘূর্ণিঝড় আইলায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামত করা হয়নি। আগামী বর্ষার আগে এসব বাঁধ মেরামত করা না হলে এই তিন উপজেলার অধিকাংশ এলাকায় মানুষের বসবাস কঠিন হয়ে পড়বে। এলাকার মানুষ এখন ত্রাণ চায় না, চায় নিরাপদে বাস করার নিশ্চয়তা। এ জন্য তারা দ্রুত বাঁধ মেরামতের দাবি জানিয়েছে।গত শনিবার সকালে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত ‘আইলা উপদ্রুত অঞ্চলে বাঁধ পুনর্নির্মাণ: চাই স্বচ্ছতা ও জবাবদিহিতা’ শীর্ষক আলোচনা সভায় আইলা-দুর্গত এলাকার লোকজন এ দাবি জানায়।আলোচনায় অংশ নিয়ে শ্যামনগর উপজেলার গাবুরা গ্রামের আবদুল হামিদ গাজী বলেন, ‘আমরা এখন ত্রাণ চাই না, চাই ছেলেমেয়ে নিয়ে নিরাপদে বেঁচে থাকার নিশ্চয়তা। ফিরে যেতে চাই নিজেদের ভিটায়।’ গাবুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জি এম শফিউল আযম বলেন, ‘শুকনো মৌসুমে যথাযথ নিয়ম মেনে বাঁধ মেরামত না করায় অনেক স্থানেই পুনর্নির্মিত বাঁধ ভেঙে যাচ্ছে।’কয়রার হারুন-অর-রশিদ জানান, ‘স্থানীয় জনপ্রতিনিধি ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তাদের রশি-টানাটানির কারণে অনেক জায়গায় বাঁধ মেরামতের কাজ বন্ধ হয়ে গেছে। আবার কোথাও কোথাও ঠিকাদারেরা সাব-ঠিকাদার দিয়ে যেনতেনভাবে কাজ করছেন। ফলে মেরামত করা বাঁধ জোয়ারের পানির তোড়ে ফের ভেঙে গেছে।’ সনাকের সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও যোগাযোগ মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মুজিবুর রহমান।