‘দুর্গাপূজা উপলক্ষে সব পূজামণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা’
দুর্গাপূজায় সব পূজামণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে সরকার। পূজার সময় কেউ যাতে সাম্প্রদায়িকতার বীজ ছড়াতে না পারে, এ জন্য সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক শেষে গতকাল বৃহস্পতিবার তিনি এসব কথা বলেন। বৈঠকে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।মহীউদ্দীন খান আলমগীর বলেন, পূজার শুরু থেকে শেষ পর্যন্ত প্রশাসনের কর্তাব্যক্তিরা পূজামণ্ডপগুলো পরিদর্শন করবেন। এর পরও যদি কেউ অরাজকতা সৃষ্টির চেষ্টা করে, তাঁর বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। পূজা উপলক্ষে প্রতিটি জেলা, বিভাগ ও মহানগরে নিয়ন্ত্রণকক্ষ খোলা হবে। প্রতিমা বির্সজনের দিন যে পথ ব্যবহার করা হবে, পূজা উদ্যাপন পরিষদ তা প্রশাসনকে জানালে পূর্ণাঙ্গ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, টেলিফোনে কেউ কোনো তথ্য জানালে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পূজার সময় নিরাপত্তা নিশ্চিতের জন্য সরকারকে সহযোগিতা করতে হিন্দু সম্প্রদায়ের সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি। এ ছাড়া প্রতিটি এলাকায় পুলিশকে সহযোগিতার জন্য তরুণদের নিয়ে স্বেচ্ছাসেবক দল গঠনে সংশ্লিষ্ট ব্যক্তিদের সহযোগিতা চেয়েছেন তিনি।