লালমনিরহাট জেলায় সংসদীয় আসন তিনটি। ১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন থেকে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ পর্যন্ত প্রতিটি নির্বাচনে সব কটি আসনেই একচ্ছত্র আধিপত্য ছিল জাতীয় পার্টির (জাপা)। সে হিসেবে লালমনিরহাট লাঙ্গলের (জাপার প্রতীক) দুর্গ হিসেবে পরিচিত।
কিন্তু রোববারের দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনটি আসনেই বিজয়ী আওয়ামী লীগের প্রার্থীরা। কারণ, লাঙ্গল নিয়ে নির্বাচনের মাঠে নামেননি জাতীয় পার্টির নেতা-কর্মীরা। এই সুযোগে লাঙ্গলের ফাঁকা মাঠে হাওয়া ঢুকেছে আওয়ামী লীগের নৌকার পালে।
১৯৮৬ সালের তৃতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-১ ও ২ আসনে বিজয়ী হন জাপার প্রার্থীরা। তখন ক্ষমতায় জাপার নেতা স্বৈরশাসক এইচ এম এরশাদ। পরের বার তাঁর অধীনেই ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জেলার তিনটি আসনই পায় তাঁর দল। স্বৈরশাসনের অবসানের পর ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনেও লালমনিরহাটের সব কটি আসন জাপারই থাকে। ১৯৯৬ সালের ১২ জুনের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনেও একই ফলাফল। কিন্তু ২০০১ অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-১ ও ৩ আসন হারিয়ে কেবল লালমনিরহাট-২ আসনে জয়ী হয় দলটি। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-২ ও ৩ আসনে বিজয়ী হন জাতীয় পার্টির প্রার্থীরা। ওইবার জোটগতভাবে লালমনিরহাট-১ আসনে নির্বাচন করেন আওয়ামী লীগের প্রার্থী। কিন্তু দশম জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাটে জাপা থাকলই না।
লালমনিরহাট-১ আসনে এবার মনোনয়নপত্র দাখিল করেছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ। পরে তিনি নির্বাচন থেকে সরে আসার ঘোষণা দিয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেছিলেন রিটার্নিং কর্মকর্তার কাছে। আবেদনটি যথাযথভাবে করা হয়নি জানিয়ে তাঁর প্রার্থিতা বহাল রাখেন রিটার্নিং কর্মকর্তা। নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়ার পর থেকে ঢাকায় সামরিক হাসপাতালে ‘আটক’ আছেন এরশাদ। ব্যালট পেপারে দলীয় প্রতীক লাঙ্গল ও এরশাদের নাম থাকলেও দলীয় প্রধানের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনের মাঠ থেকে সরে আসেন স্থানীয় নেতা-কর্মীরাও। ফলে এরশাদের পক্ষে নির্বাচনী এলাকায় ছিল না কোনো পোস্টার-লিফলেট। হয়নি সভা-সমাবেশ, নির্বাচনী প্রচারণা। ভোটের দিনও ভোটকেন্দ্রে কোনো পোলিং এজেন্ট ছিলেন না। জাতীয় পার্টি এভাবে মাঠ ছেড়ে দেওয়ায় বিজয়ী হন আওয়ামী লীগের প্রার্থী সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন। এই আসনের অপর প্রার্থী জাসদের সাদেকুল ইসলাম ভোটের দিন দুপুরেই সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন।
লালমনিরহাট-৩ আসনের পরিস্থিতিও একই রকম। জাপার প্রেসিডিয়াম সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তিনি এরশাদের ভাই। এরশাদের মতো তিনিও মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করলেও একই কারণ দেখিয়ে তাঁর প্রার্থিতা বহাল রাখে নির্বাচন কমিশন। কিন্তু তিনি নির্বাচনী প্রচারণা চালাননি। পোস্টার, লিফলেট বিলি কিংবা সভা-সমাবেশ হয়নি। ভোটকেন্দ্রেও ছিলেন না জাপার পোলিং এজেন্ট। এই আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী প্রকৌশলী আবু সালেহ মোহাম্মদ সাঈদ। এ আসনের আরেক প্রার্থী ছিলেন জাসদের মো. খোরশেদ আলম।
লালমনিরহাট-২ আসনে পর পর সাতবারের বিজয়ী সাংসদ জাপার প্রেসিডিয়াম সদস্য মজিবর রহমান। এবারও তিনি মনোনয়নপত্র কিনেছিলেন। শেষ পর্যন্ত তিনি কিংবা জাপা থেকে আর কেউও মনোনয়নপত্র দাখিল করেননি। অন্য কোনো দলের বা স্বতন্ত্র প্রার্থী না থাকায় ভোটের আগেই বিজয়ী হন আওয়ামী লীগের মো. নুরুজ্জামান আহম্মেদ।
জানতে চাইলে জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক এস কে খাজা মঈন উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘পার্টির চেয়ারম্যান এরশাদ ও প্রেসিডিয়াম সদস্য জি এম কাদের মনোনয়নপত্র দাখিল করলেও পরে তা প্রত্যাহারের আবেদন করেছিলেন। কাজেই তাঁরা কেউ প্রার্থী ছিলেন না। তাই আমরা মানতে রাজি নই যে নির্বাচনে আমাদের প্রার্থী হেরে গেছেন।’ তিনি আরও বলেন, ‘লালমনিরহাট জেলা অতীতে যেমন লাঙ্গলের দুর্গ ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে।’
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান বলেন, জেলার তিনটি আসনেই দলের প্রার্থীরা বিজয়ী হওয়ায় নেতা-কর্মী-সমর্থকেরা উল্লসিত।