'দুর্গে' জাতীয় পার্টির ভরাডুবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির (জাপা) ‘দুর্গ’ হলো রংপুর। আর সেই দুর্গে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলের ভরাডুবি হয়েছে। জেলার ৬৯টি ইউপির মাত্র সাতটিতে জাপার চেয়ারম্যান প্রার্থীরা জয়ী হয়েছেন।
৬৯টি ইউপির নির্বাচনে গঙ্গাচড়া উপজেলার তিনটি ও সদর উপজেলার দুটি ইউপিতে জাপার চেয়ারম্যান প্রার্থীরা জয়লাভ করেছেন। বাকি ছয়টি উপজেলার মধ্যে পীরগাছা ও তারাগঞ্জে একজন করে প্রার্থী জয়লাভ করেছেন। পীরগঞ্জ, কাউনিয়া, মিঠাপুকুর ও বদরগঞ্জ—এই চারটি উপজেলার একটি ইউপিতেও জিততে পারেনি তারা।
জাপার দুর্গে ভরাডুবির কারণে মাঠপর্যায়ে নেতা-কর্মীদের মধ্যে হতাশা বিরাজ করছে। তাঁরা অভিযোগ করেন, নামেই ‘জাতীয় পার্টি’ কিন্তু কামে ছিল না। জেলার নেতারা নির্বাচনী প্রচারণায় আসেননি। কিন্তু সরকারি দলের নেতারা মাঠপর্যায়ে প্রচারণায় নেমেছিলেন। দলের এমনিতেই নাজুক অবস্থা। সেই সঙ্গে উপযুক্ত প্রার্থী মনোনয়ন না দেওয়া ও দলের ‘চেইন অব কমান্ড’ ভেঙে পড়ায় নির্বাচনে দলের বিপর্যয় হয়েছে।
পীরগাছা উপজেলার সদর ইউপিতে জাপার পরাজিত চেয়ারম্যান প্রার্থী রনজু মিয়া বলেন, উপজেলা ও জেলা পর্যায়ের নেতারা তেমন সক্রিয় না থাকায় উপজেলার আট ইউনিয়নের মাত্র একটিতে জয় পেয়েছে জাপা।
পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবাড়ি ইউপির জাতীয় পার্টির পরাজিত প্রার্থী মোস্তাফিজুর রহমান বলেন, ‘দলের এমন নাজুক অবস্থায় আমরা অনেক চেষ্টা করেছি। আমাদের পরাজয় হলেও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে আমরা দলের কর্মীদের কাছে পেয়েছি।’
কাউনিয়া উপজেলার হারাগাছ ইউপিতে জাপার পরাজিত প্রার্থী নূরুল ইসলাম বলেন, জেলা পর্যায়ে দলের পক্ষ থেকে যদি এই নির্বাচনে কিছুটা ভূমিকা নেওয়া হতো তাহলে আরও কয়েকটি ইউপিতে দলীয় প্রার্থী জয়লাভ করতেন।
গঙ্গাচড়া উপজেলা জাপার সভাপতি সামসুল আলম বলেন, ‘আমাদের উপজেলায় দলের প্রার্থীদের জয় নিশ্চিত করতে আপ্রাণ চেষ্টা করেছি। প্রথমবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীকে নির্বাচন হলো। আমদের উপজেলায় জাতীয় পার্টির তিনজন চেয়ারম্যান প্রার্থী জয়ী হতে পেরেছেন।’
এদিকে সদর উপজেলার দুটি ইউপি নির্বাচনে দুটিতেই জাপার চেয়ারম্যান প্রার্থী জয়ী হয়েছেন। এর মধ্যে একজন সুলতানা আক্তার কল্পনা। তিনি বলেন, ‘নির্বাচনের অনেক আগে থেকে আমি এলাকায় দলের কর্মকাণ্ড-চালিয়ে এসেছি। এর ফলে এই নির্বাচনে এর প্রভাব পড়েছে।’
জাপার দুর্গ বলে খ্যাত রংপুরে দলের পরাজয় প্রসঙ্গে জেলা জাতীয় পার্টির সদস্যসচিব ও সাবেক সাংসদ আসিফ শাহরিয়ার বললেন, ‘মাঝে দলের অবস্থা আরও নাজুক হয়ে পড়েছিল। এখন তো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে। এরপরও তো সাতটিতে জিতেছি।’
এদিকে জেলার ৬৯টি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থীরা দুটি ও স্বতন্ত্র প্রার্থীরা ১১টি ইউপিতে জয়ী হয়েছেন। বাকি ৪৯টিতে জিতেছে আওয়ামী লীগ।