'দুর্ধর্ষ ডাকাতি' করে বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চম ধাপের উপজেলা নির্বাচনে সরকারদলীয় সন্ত্রাসীরা ‘দুর্ধর্ষ ডাকাতি’ করে বিএনপি-সমর্থিত প্রার্থীদের বিজয় ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির অভিযোগ, সরকারি দল-সমর্থিত প্রার্থীর লোকেরা অন্তত ৪০টি উপজেলায় পুলিশ, র‌্যাব ও বিজিবির উপস্থিতিতে সকালেই ভোটকেন্দ্র দখল করে নেয়। এরপর প্রতিপক্ষের এজেন্টদের বের করে দিয়ে গণহারে সিল মারে।
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গতকাল সোমবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে দুই দফায় সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার আবদুল মোবারকের দেওয়া বক্তব্যের কঠোর সমালোচনা করে রিজভী বলেন, ‘ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার আওয়ামী লীগের দপ্তর ও প্রচার সম্পাদকের বক্তব্য দিয়েছেন। আপনার এ ভূমিকার জন্য জনগণ সংগঠিত হয়ে অবশ্যই একদিন উপযুক্ত জবাব দেবে। তখন আপনার নাক মাটিতে খসিয়ে জনগণ এর বিচার করবে।’ তিনি বলেন, তাঁর বক্তব্যের মতো একই ভাষায় একই বাক্যে আওয়ামী লীগের নেতারাও প্রতিদিন বক্তব্য-বিবৃতি দিচ্ছেন। তিনি বঙ্গবন্ধু অ্যাভিনিউ বা পল্টনে গিয়ে এ রকম বক্তব্য দিলে খুব বাহবা পেতেন।
বিএনপির দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন পদত্যাগ করবে কি না—গত রোববার সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত সিইসি বিএনপির চেয়ারপারসনের উদ্দেশে বলেন, ‘...আমরা নির্বাচন কমিশন কিছুই না, জিরো। কিন্তু উনি এ জিরোর আন্ডারে করছেন তো নির্বাচন...।’ এ বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাইতে ভারপ্রাপ্ত সিইসির প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি।
রিজভী বলেন, আওয়ামী লীগ সরকারের কলাগাছ মার্কা এই নির্বাচন কমিশনের অধীনে বিএনপি কোনো জাতীয় নির্বাচনে কখনোই অংশগ্রহণ করবে না।
‘যেকোনো ধরনের ত্যাগ স্বীকারে প্রস্তুত’—প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের উল্লেখ করে রিজভী বলেন, প্রধানমন্ত্রী রংধনুর মতো রং বদলান। একেকবার একেক কথা বলে একেক ধরনের রং ধারণ করছেন। তাঁর মুখে এ ধরনের কথা শুনলে গোটা জাতি বিচলিত হয়ে ওঠে। ৫ জানুয়ারির ভোটারবিহীন নির্বাচন করে তিনি জনগণের ভোটের অধিকারকেই ত্যাগ করেছেন। এবার উপজেলা নির্বাচনে তাঁর দল ও প্রশাসনের আচরণ দেখে মনে হয়, এবার তিনি নির্বাচন নামক প্রতিষ্ঠানকেই দুমড়ে-মুচড়ে ডাস্টবিনে ত্যাগ করেছেন।