'দুর্ধর্ষ সন্ত্রাসী' আওয়ামী লীগের প্রার্থী
রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে পুলিশের তালিকাভুক্ত ‘দুর্ধর্ষ সন্ত্রাসীকে’ দলীয় মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। তাঁর নাম জজ আলী বিশ্বাস। তিনি ওই ইউপির শান্তিখোলা গ্রামের বাসিন্দা।
গত সোমবার রাজবাড়ীর পুলিশ সুপারের কার্যালয়ে অপরাধীদের তালিকা বোর্ডে জজ আলীর ছবি টাঙানো থাকতে দেখা যায়। তালিকায় ২০১০ সালের ২৩ জুলাই থেকে জেলার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা বিভিন্ন সন্ত্রাসীর ছবি ও নাম রয়েছে। তালিকায় জজ আলীর ছবির ওপরে দুর্ধর্ষ সন্ত্রাসী লেখা রয়েছে।
উপজেলার ১০টি ইউপিতে চতুর্থ দফায় আগামী ৭ মে এই নির্বাচন হবে। গত রোববার আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে দলীয় চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীরা হলেন কসবামজাইলে উপজেলা আওয়ামী লীগের সদস্য জজ আলী বিশ্বাস, যশাই ইউপিতে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল হাকিম খান, মাছপাড়া ইউপিতে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, বাহাদুরপুরে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, হাবাসপুরে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান আবদুল আলীম মণ্ডল, সরিষায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমল আল বাহার বিশ্বাস, কলিমহরে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল জলিল মণ্ডল, মৌরাটে হাবিবুল্লাহ প্রামাণিক, বাবুপাড়ায় উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক ইমান আলী সরদার, পাট্টা ইউপিতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রব মুনা বিশ্বাস।
জজ আলী প্রথম আলোকে বলেন, ‘আমি দুটি হত্যা মামলার আসামি ছিলাম। বিএনপির সময়ে আমাকে ষড়যন্ত্রমূলকভাবে আসামি করা হয়েছিল। ওই দুই মামলায় আমি খালাস পেয়েছি। তবে আমার বিরোধী পক্ষ আমার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে।’
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাসান আলী বিশ্বাস বলেন, দল থেকে ভালো ও যোগ্য প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়েছে। জজ আলী দলের একনিষ্ঠ কর্মী। তাঁর বিরুদ্ধে কোথাও কোনো অভিযোগ নেই। সবই তাঁর বিরুদ্ধে অপপ্রচার। পুলিশ সুপার জিয়াদুল কবির বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে।