'দুর্নীতি করব না, দুর্নীতি মানব না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী চেতনা জাগ্রত করার লক্ষে্য গতকাল ফরিদপুর জিলা স্কুল চত্বরে ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধ শপথবাক্য পাঠ করানো হয় l প্রথম আলো
শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী চেতনা জাগ্রত করার লক্ষে্য গতকাল ফরিদপুর জিলা স্কুল চত্বরে ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধ শপথবাক্য পাঠ করানো হয় l প্রথম আলো

‘দুর্নীতি করব না, দুর্নীতি মানব না, দুর্নীতি সইব না’ স্লোগান সামনে রেখে গতকাল শুক্রবার বরিশাল, শরীয়তপুর, মাদারীপুর, বরগুনা, পিরোজপুর ও ঝালকাঠিতে দুর্নীতিবিরোধী শপথ অনুষ্ঠান ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন, দুর্নীতি প্রতিরোধ কমিটি ও জেলা প্রশাসন কর্মসূচির আয়োজন করে। প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
বরিশাল: দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে বরিশালে সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে দুর্নীতিবিরোধী শপথ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সকাল ১০টায় নগরের জিলা স্কুল মাঠে ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করানোর মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচি। এরপর রাজাবাহাদুর সড়ক ও সদর রোডে অনুষ্ঠিত হয় মানববন্ধন।
দুর্নীতি দমন কমিশন, জেলা প্রশাসন ও দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সহযোগিতায় ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্কুল ও মাদ্রাসাশিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. নুরুল আলম। এ সময় বরিশাল বিভাগীয় দুর্নীতি দমন কমিশনের পরিচালক মো. আক্তার হোসেন, জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
পিরোজপুর: পিরোজপুরে দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগী সংগঠন সততা সংঘ দুর্নীতিবিরোধী সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। শহরের শহীদ ওমর ফারুক সড়কে সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এর আগে সকালে স্থানীয় পিরোজপুর সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী সমাবেশ হয়। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শেখ সাইদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. খায়রুল আলম শেখ। বক্তব্য দেন পিরোজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান। সমাবেশ শেষে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক নাসিম আলী।
শরীয়তপুর: শুক্রবার সকালে শরীয়তপুর পৌর ঈদগাহ মাঠে দুর্নীতিবিরোধী শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মাহমুদুল হোসাইন খান। পরে জেলা শহরের ঢাকা-শরীয়তপুর সড়কে মানববন্ধন করা হয়। কর্মসূচিতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
লোহাগড়া (নড়াইল): নড়াইলে শিক্ষার্থীদের নিয়ে গঠিত সততা সংঘের অংশগ্রহণে দুর্নীতিবিরোধী মানববন্ধন হয়েছে। সকাল ১০টা থেকে এক ঘণ্টা এ মানববন্ধন হয়। নড়াইল শহরের চৌরাস্তা থেকে রূপগঞ্জ এলাকা পর্যন্ত প্রায় দুই কিলোমিটারজুড়ে এ মানববন্ধনে প্রায় দুই হাজার মানুষ অংশ নেন।
এর আগে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ স্টেডিয়ামে সততা সংঘের দুই হাজার শিক্ষার্থীকে দুর্নীতিবিরোধী শপথ পড়ানো হয়। শপথবাক্য পাঠ করান জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. মনিরুজ্জামান মল্লিক।
ঝালকাঠি: সকাল সাড়ে নয়টার দিকে ঝালকাঠি সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে একটি মাদ্রাসাসহ পাঁচটি সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরী। পরে সরকারি মহিলা কলেজের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুজিত কান্তি বোস মানববন্ধনে সভাপতিত্ব করেন। এতে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. জাকির হোসেন, দুর্নীতি দমন কমিশনের বরিশাল বিভাগীয় সহকারী পরিচালক সিফাত উদ্দিন প্রমুখ।
মাদারীপুর: সকালে প্রেসক্লাবের সামনে জেলা প্রশাসনের সহযোগিতায় ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে শপথবাধ্য পাঠ করান জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, মাদারীপুর প্রেসক্লাবের আহ্বায়ক শাজাহান খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শাহজাহান হাওলাদার প্রমুখ।
বরগুনা: বেলা ১১টার দিকে বরগুনা সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে দুর্নীতির বিরুদ্ধে প্রচারাভিযানের অংশ হিসেবে শপথ অনুষ্ঠিত হয়। এর আগে শহরের মূল সড়কে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে ১৩টি বিদ্যালয়ের দেড় হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেয়। মানববন্ধন শেষে সরকারি বালিকা বিদ্যালয় মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক মো. নুরুজ্জামান শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান।