'দুর্নীতি করা আমাদের জাতীয় চরিত্র'
বরিশাল-২ আসনের সাংসদ তালুকদার মো. ইউনুস বলেছেন, ‘দুর্নীতি করা আমাদের জাতীয় চরিত্র। এ চরিত্রকে পরিবর্তন করতে পারলেই দুর্নীতিমুক্ত দেশ গড়তে পারব।’
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে বরিশালে দুই দিনব্যাপী তথ্যমেলার সমাপনী অনুষ্ঠানে সাংসদ এ কথা বলেন। গত বুধবার রাতে নগরের অশ্বিনীকুমার হলে এ অনুষ্ঠান হয়।
সচেতন নাগরিক কমিটির সভাপতি এম মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বরিশালের জেলা প্রশাসক মো. শহীদুল আলম, বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজের শিক্ষক কবি আসমা চৌধুরী ও টিআইবির জ্যেষ্ঠ প্রোগ্রাম ম্যানেজার মো. হাসান আলী।
তালুকদার মো. ইউনুস বলেন, ‘আমরা যদি দেশকে ভালোবাসি, তাহলে আমাদের দুর্নীতিকে “না” বলতে হবে। যে যেখানে আছি, সেখান থেকেই দুর্নীতিবিরোধী আন্দোলনে এগিয়ে আসতে হবে।’
অন্য বক্তারা বলেন, ‘আমাদের শুভ ও সুন্দর স্বপ্ন দেখতে হবে। আমাদের প্রতিজ্ঞা করতে হবে, আমরা দুর্নীতি করব না।’ তাঁরা বলেন, এখনো তথ্য অধিকার আইন সম্পর্কে সাধারণ মানুষের ধারণা নেই বললেই চলে। তাই তথ্য জানতে ও দুর্নীতি প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।