'দুর্নীতি দমন না করে টেকসই উন্নয়ন সম্ভব নয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি দমন না করে টেকসই উন্নয়ন অভিষ্টে পৌঁছানো সম্ভব নয়।

গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে এক মানববন্ধনে ইফতেখারুজ্জামান এ কথা বলেন। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ‘দুর্নীতি প্রতিরোধ, সুশাসন ও টেকসই উন্নয়নে তারুণ্য’ স্লোগান নিয়ে টিআইবি এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতি নিয়ন্ত্রণ করতে চাইলে আইনের চোখে সবাই সমান, এমন বিবেচনা ও রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে। রাজনৈতিক সদিচ্ছার বাস্তবায়ন ছাড়া দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। তিনি বলেন, নির্বাচনী অঙ্গীকার, জাতিসংঘের দুর্নীতিবিরোধী সনদে অনুস্বাক্ষর, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, জাতীয় শুদ্ধাচার কৌশল ইত্যাদিতে সরকার ও সরকারের উচ্চ পর্যায়ের লোকজন অনেকগুলো অঙ্গীকার করেছেন। দুর্নীতি দমন ও সুশাসন প্রতিষ্ঠা করতে এসব অঙ্গীকার শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ থাকলে চলবে না, বাস্তবায়ন করতে হবে।

মানববন্ধন থেকে দুর্নীতিবিরোধী আন্দোলন ও সুশাসন কার্যক্রম পরিকল্পনা ও বাস্তবায়নে তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানায় টিআইবি। এ ছাড়া জাতীয় যুবনীতি ২০১৭’র দ্রুত বাস্তবায়ন, যুবদের মধ্যে দুর্নীতিবিরোধী বিভিন্ন কার্যক্রম গ্রহণ, সরকারি ও বেসরকারি সব ক্ষেত্রে চাকরির নিয়োগ প্রক্রিয়া দুর্নীতিমুক্ত করা, অশিক্ষা, অপশিক্ষা, কুসংস্কার ও ধর্মীয় ভ্রান্ত-ধারণায় বিপথগামী হওয়া থেকে যুব সমাজকে রক্ষায় সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম গ্রহণ করার দাবি জানানো হয়। মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে গঠিত ‘ইয়েস গ্রুপের’ সদস্যরা অংশ নেন।