‘দুর্নীতি প্রতিরোধে এখন বড় অবলম্বন গণমাধ্যম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির অভিযোগ পেলেই মানুষ সবার আগে গণমাধ্যমের দ্বারস্থ হয়। মানুষের ধারণা, অভিযোগ প্রকাশ হওয়ার মধ্য দিয়েই দুর্নীতির প্রতিকার হবে। মানুষের আস্থা অর্জন করায় দুর্নীতি প্রতিরোধে বড় অবলম্বন এখন গণমাধ্যম। সাধারণ মানুষের এ আস্থা ধরে রাখতে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সিলেটে গতকাল রোববার অনুষ্ঠিত টিআইবি সমর্থিত সচেতন নাগরিক কমিটি (সনাক) আয়োজিত ‘দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।বেলা ১১টায় নগরের একটি রেস্তোরাঁর সম্মেলনকক্ষে আয়োজিত সেমিনারে সিলেটে কর্মরত জাতীয় ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশ নেন। সেমিনারে দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মূল প্রবন্ধ তৈরি করেন সিলেটে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক উজ্জ্বল মেহেদী। সনাক সিলেটের সভাপতি জনাব ফারুক মাহমুদ চৌধুরী সেমিনারে প্রবন্ধটি উপস্থাপন করেন। আলোচনায় অংশ নেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, শিক্ষাবিদ রফিকুল বর, নাসরিন ইসলাম, নারী সাংবাদিক শামসাদ হুশামসহ সিলেটে কর্মরত সাংবাদিকেরা।সিলেটে কর বিভাগের উপকর কমিশনার আবদুর রহমানকে নিয়ে গত ৭ ফেব্রুয়ারি প্রথম আলোয় প্রকাশিত ‘সবই সম্ভব!’ শিরোনামের প্রতিবেদনটি একটি দৃষ্টান্ত হিসেবে মূল প্রবন্ধে উপস্থাপন করা হয়। কর কমিশনার প্রায় দুই দশক আগে একটি দুর্নীতি মামলা চাপা দিয়ে রেখে তাঁর নাম নিয়ে অন্য একজনের জেল খাটার চাঞ্চল্যকর ঘটনা এবং পরবর্তী সময়ে কর কমিশনারের জেল খাটার ঘটনা তুলে ধরে মূল প্রবন্ধে বলা হয়, দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যমের শক্তিশালী ভূমিকা এ ঘটনার মাধ্যমেই অনুমিত হয়েছে।