'দুর্নীতি প্রতিরোধে এবার আওয়াজ তুলুন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণশুনানির প্রচার কার্যক্রমের উদ্বোধন করেন  দুদক কমিশনার (অনুসন্ধান) মো. নাসিরউদ্দীন আহমেদ। ছবি: প্রথম আলো
গণশুনানির প্রচার কার্যক্রমের উদ্বোধন করেন দুদক কমিশনার (অনুসন্ধান) মো. নাসিরউদ্দীন আহমেদ। ছবি: প্রথম আলো

দুর্নীতি প্রতিরোধে এবার ভুক্তভোগী সাধারণ মানুষকেই আওয়াজ তোলার আহ্বান জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুপুরে আন্তর্জাতিক দুর্নীতি দিবস উপলক্ষে আয়োজিত গণশুনানির প্রচার কার্যক্রমের উদ্বোধনের সময় দুদক কমিশনার (অনুসন্ধান) মো. নাসিরউদ্দীন আহমেদ এ আহ্বান জানান।
আগামী ১০ ডিসেম্বর ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে দুদকের গণশুনানিতে সেবা না পাওয়া জনগণের মুখোমুখি হবেন ঢাকার তিনটি অঞ্চলের সহকারী কমিশনার (ভূমি) ও সাব-রেজিস্ট্রাররা। সরকারি কর্মকর্তাদের সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এ শুনানির আয়োজন করছে দুদক।
দুদক কমিশনার বলেন, রাজধানীর তেজগাঁও, গুলশান, সূত্রাপুর ও কোতোয়ালি এলাকার ভূমি এবং সাব-রেজিস্ট্রি অফিসের আওতায় দলিল রেজিস্ট্রি, দলিল লেখা, নামজারি, পর্চা, নকল দলিল তোলাসহ সংশ্লিষ্ট যে কোনো অভিযোগ জানাতে পারবেন ভুক্তভোগীরা। এসব সমস্যার তাৎক্ষণিক সমাধান দেওয়া হবে।
নাসিরউদ্দীন আহমেদ বলেন, সরকারি সেবা পাওয়া নাগরিকের সাংবিধানিক অধিকার। সরকারি সেবা ও সরকারি কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করতেই দুদক এই গণশুনানি আয়োজন করছে। এর আগে ঢাকার বাইরে ময়মনসিংহ, সাভার, কক্সবাজারের চকরিয়ায় গণশুনানি করা হয়েছে। সেখানে ব্যাপক সাড়া পাওয়ায় এবার ঢাকায় গণশুনানির আয়োজন করা হয়েছে। দুর্নীতি প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে এই গণশুনানি বড় ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।
দুদক আয়োজিত ওই গণশুনানিতে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে সোমবার দুপুর দেড়টায় শুরু হয় গণশুনানির প্রাক প্রচারণা। দুদকের কমিশনার মো. নাসিরউদ্দীন আহমেদ আনুষ্ঠানিকভাবে দুদকের প্রধান কার্যালয় থেকে এই প্রচার কার্যক্রমের উদ্বোধন করেন।
ব্যতিক্রমী এই প্রচারণায় ব্যবহার করা হচ্ছে সুসজ্জিত ৮-১০টি ঘোড়ার গাড়ি। যেখান থেকে সাধারণ মানুষকে মাইকে গণশুনানিতে অংশগ্রহণের আহ্বান জানানো হবে। কোথায় অভিযোগ করতে হবে, সেই তথ্য জানাতে প্রচারপত্র বিতরণ করা হচ্ছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) শামসুল আরেফিন, পরিচালক নাসিম আনোয়ার, দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য, শামছুল আলম, আবু বকর সিদ্দিকসহ দুদকের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা।