'দুর্নীতি রুখতে রাজনৈতিক দলের মধ্যে গণতন্ত্র দরকার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, রাজনৈতিক দল বা ব্যক্তি বা যাঁরাই ক্ষমতায় থাকুক না কেন, তাঁরা যদি লাভবান হন তাহলে দেশের মধ্যে দুর্নীতি কোনো দিনও কমবে না। তাই দুর্নীতি রুখতে রাজনৈতিক দলগুলোর মধ্যে স্বচ্ছ গণতন্ত্র প্রয়োজন। 

আজ সোমবার খুলনার একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত ‘স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন : সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক মতবিনিময় সভায় ইফতেখারুজ্জামান এসব কথা বলেন।
ইফতেখারুজ্জামান বলেন, প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার যে স্বপ্ন তা যদি বাস্তবায়ন সম্ভব হয় তাহলে দুর্নীতি অনেকটা নিয়ন্ত্রণে আসবে। তবে বাংলাদেশ ব্যাংকে যা হয়েছে তা হলো ডিজিটাল দুর্নীতি। সুতরাং অবকাঠামো ডিজিটাল হওয়ার পাশাপাশি মানুষকেও দুর্নীতিমুক্ত হতে হবে। বেসরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে সব প্রতিষ্ঠানে স্বচ্ছতা আনতে হবে। তিনি বলেন, দেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে দুর্নীতি কখনো বন্ধ হবে না।
অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনার বিভাগীয় কমিশনার আবদুস সামাদ বলেন, একটি সমাজ থেকে দুর্নীতি কখনো পুরোপুরি বন্ধ করা যায় না, তবে নিয়ন্ত্রণের চেষ্টা করা যায়। সরকারের পক্ষ থেকে দুর্নীতি প্রতিরোধে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি খুলনার বিশিষ্ট শিক্ষাবিদ ও ভাষাসৈনিক মাজেদা আলী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী নারীদের এগিয়ে নেওয়ার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ। কিন্তু তিনি নারীদের নিরাপত্তা এখনো নিশ্চিত করতে পারেননি। নারীদের পথচলা মসৃণ না হলে দেশের অর্থনীতিতে তাদের এগিয়ে নিয়ে যাওয়া কঠিন হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটি খুলনার সভাপতি শেখ আবদুল কাইয়ুম।