‘দুর্নীতিগ্রস্তদের নিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়ন সম্ভব নয়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেছেন, দুর্নীতিগ্রস্ত কোনো ব্যক্তিকে রেখে প্রধানমন্ত্রী তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি পালন করতে পারবেন না। কাজেই যোগাযোগমন্ত্রীসহ যাঁর বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ ওঠে, তাঁর মূল্যায়ন করা সরকারের নীতিনির্ধারকদের দায়িত্ব। উইকিলিকস যোগাযোগমন্ত্রীর সততা নিয়ে সংশয় প্রকাশকারী মার্কিন কূটনীতিকের যে তারবার্তা প্রকাশ করেছে, সে প্রসঙ্গে এক বিবৃতিতে সৈয়দ আবুল মকসুদ এ কথা বলেন। সৈয়দ আবুল মকসুদ সম্প্রতি ছাত্র-শিক্ষক-পেশাজীবী-জনতার ব্যানারে যোগাযোগমন্ত্রীকে পদচ্যুত করাসহ সড়ক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সাত দফা দাবিতে এক আন্দোলনের সূচনা করেছেন। বিবৃতিতে সৈয়দ আবুল মকসুদ বলেন, উইকিলিকস যোগাযোগমন্ত্রীর বিরুদ্ধে অসততার অভিযোগ-সম্পর্কিত যে বার্তা প্রকাশ করেছে, সেটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আর উইকিলিকস এমন সময় এই তথ্য প্রকাশ করল, যখন সারা দেশে যোগাযোগমন্ত্রীর পদচ্যুতির দাবি উঠছে। দেশে অন্যান্য খাতেও এখন দুর্নীতি চলছে—এ মন্তব্য করে প্রবীণ কলামিস্ট আরও বলেন, ‘সরকারের উচিত যাঁর বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ ওঠে, বিষয়টির তদন্ত করা। আর যোগাযোগমন্ত্রী এবং আরও কয়েকজন ব্যর্থ, অদক্ষ ও দুর্নীতিগ্রস্ত মন্ত্রীকে নিয়ে প্রধানমন্ত্রী তাঁর নির্বাচনী প্রতিশ্রুতির ১০ ভাগের এক ভাগও পূরণ করতে পারবেন না।’ সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘আমাদের আন্দোলন সরকারের বিরুদ্ধে নয়, কোনো ব্যক্তির বিরুদ্ধেও নয়। আমরা কেবল দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার বিরুদ্ধে কথা বলছি। আমরা এই অব্যবস্থার পরিবর্তন চাই।’