'দুর্নীতিবাজ' কাউকে সিলেটবাসী মেয়র দেখতে চায়না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে বিএনপি ও এর অঙ্গসংগঠনের একাংশের নেতারা বলেছেন, সিলেটবাসী ‘দুর্নীতিবাজ ও চাঁদাবাজ’ কাউকে সিলেট সিটি করপোরেশনের মেয়র পদে দেখতে চায় না। গত সাড়ে চার বছর রাজপথের আন্দোলনে যাঁদের কোনো ভূমিকা নেই, তাঁদের ভোট না দিতে তাঁরা দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।

গত সোমবার ‘ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদ’ এবং সিলেট বিএনপির নয়টি অঙ্গসংগঠনের নেতারা এক মতবিনিময় সভায় এ আহ্বান জানান। তাঁরা স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি সামসুজ্জামানকে সমর্থন দিতে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানান। তবে নেতারা সরাসরি আরিফুল হক চৌধুরীর নাম উল্লেখ করেননি।

নগরের মিরাবাজারে ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেটের সভাপতি আশিক উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মতিউল বারী চৌধুরী। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে নগর বিএনপির কোষাধ্যক্ষ ফরহাদ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের জেলা শাখার যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন লস্কর প্রমুখ বক্তৃতা করেন।