'দুর্নীতিমুক্ত দেশ গড়তে দৃশ্যমান কিছু করতে হবে'
দুর্নীতি দমন কমিশন (দুদক) সত্যিকারভাবে দুর্নীতিমুক্ত দেশ গড়তে আন্তরিক হলে দৃশ্যমান কিছু করতে হবে। তা না হলে দুর্নীতি প্রতিরোধের স্বপ্ন হোঁচট খেতে পারে বলে মনে করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি শিক্ষাবিদ আবদুল্লাহ আবু সায়ীদ। আজ সোমবার রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমীতে এক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।
দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে দুদকের উদ্যোগে জেলা ও উপজেলা পর্যায়ের দুর্নীতি প্রতিরোধ কমিটির সেরা সদস্যদের পুরস্কৃত করতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোকিত মানুষ গড়ার এই প্রবক্তা বলেন, ‘আমরা দুদকের কাছে প্রত্যাশা করব-আগামী বছর অন্তত শীর্ষ ১০ জন দুর্নীতিবাজ যেন শাস্তি পায়। শাস্তি না পেলেও তারা অন্তত যেন কোণঠাসা হয়ে যায়।’
দেশের প্রতিটি স্তরে আগ্রাসীভাবে দুর্নীতি বিরাজ করছে উল্লেখ করে আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ‘আমরা এখন সারা জাতিকে দস্যুতে পরিণত করে ফেলেছি। যে যেখানে পারছে সেখানেই লুণ্ঠন করছে। আর এ লুণ্ঠনের আরেক নাম হচ্ছে দুর্নীতি।’
দুদকের প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, ‘দুদক যে দুর্নীতি দমনের কথা বলছে, তারা কি দুর্নীতিমুক্ত? দুর্নীতি দমন বা প্রতিরোধের আগে তাদেরই দুর্নীতিমুক্ত হতে হবে।’
আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ‘দুদককে আমরা যতই স্বাধীন বলি না কেন, রাজনীতির পরিবেশ দিয়ে সবকিছুই প্রভাবিত। আমরা বলি দুদক স্বাধীন, নির্বাচন কমিশন স্বাধীন, মানবাধিকার কমিশন স্বাধীন; এরপরও এসব নিয়ে এত গোলমাল কেন? এগুলোর বিষয়ে কথা উঠে কেন? কারণ এরা কেউ স্বাধীন নয়। এ জন্য রাষ্ট্রকেই ভূমিকা নিতে হবে।’
দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামান বলেন, এটা বলার উপায় নেই যে দুর্নীতি বন্ধ হয়ে গেছে। দেশের বিভিন্ন স্থানে ও স্তরে দুর্নীতি চলছে। দুদক চেষ্টা করছে দমন ও প্রতিরোধে। এ সময় তিনি বলেন, ‘সম্প্রতি দেখা গেছে, উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ এনে একটি দাতা সংস্থা বরাদ্দ ফেরত নিয়ে গেছে। এটা জাতির জন্য মঙ্গলজনক দৃষ্টান্ত নয়।’
অনুষ্ঠানে ২৮টি শ্রেষ্ঠ জেলা ও উপজেলা পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ কমিটিকে ক্রেস্ট, নগদ অর্থ এবং সনদ দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দুদকের কমিশনার মো. সাহাবুদ্দিন ও নাসির উদ্দিন আহমেদ, দুদক সচিব মাকসুদুল হাসান খান প্রমুখ।