'দুর্নীতির টাকার সিংহভাগই চলে যায় উন্নত দেশে'
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, বাংলাদেশে দুর্নীতির মাধ্যমে যে অর্থ হাতিয়ে নেওয়া হয়, তার সিংহভাগই চলে যায় উন্নত দেশে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সাম্প্রতিক জরিপও তার সাক্ষ্য বহন করছে।
আজ মঙ্গলবার বিকেলে চাঁদপুর প্রেসক্লাব ভবনে সচেতন নাগরিক কমিটি, চাঁদপুরের আয়োজিত ‘দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতি আঞ্চলিক কোনো সমস্যা নয়, এটি একটি বৈশ্বিক সমস্যায় পরিণত হয়েছে। পৃথিবীতে এমন কোনো দেশ নেই যেখানে দুর্নীতি হয় না।
বাংলাদেশে সংঘটিত বিভিন্ন সময়ের দুর্নীতি সম্পর্কে তিনি বলেন, পর্যালোচনা করে দেখা গেছে বড় বড় দুর্নীতির সঙ্গে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা জড়িত। যেগুলোর অবস্থান উন্নত দেশে।
চাঁদপুর জেলা সভাপতি কাজী শাহাদাতের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে চাঁদপুরের জেলা প্রশাসক মো. আবদুস সবুর মণ্ডল, পুলিশ সুপার শামসুন্নাহার, পৌর মেয়র নাছিরউদ্দিন আহমেদ প্রমুখ বক্তব্য দেন।