'দুর্বল দেশের সরকার প্রধান হয়ে লাভ নেই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আজকে অন্য পথে গিয়ে সহিংস ও বিধ্বংসী আলোড়ন সৃষ্টি করে দেশটার ক্ষতি করা হচ্ছে। দেশটা যদি পিছিয়ে যায়, তাহলে এই দুর্বল দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হয়ে কোনো লাভ নেই। আফগানিস্তান, হাইতি কিংবা সোমালিয়ার মতো দুর্বল দেশের সরকারপ্রধান আমরা চাই না।’

বিরোধী দলকে ইঙ্গিত করে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম শহরতলির অক্সিজেন এলাকায় এ মন্তব্য করেন। তিনি গতকাল অক্সিজেন-হাটহাজারী সড়কের উন্নয়নকাজ দেখতে যান। বলেন, আগামী ঈদুল ফিতরের আগেই দেশের সব রাস্তার খানাখন্দ ভরাট করে গাড়ি চালানোর উপযোগী করা হবে।

যোগাযোগমন্ত্রী আরও বলেন, ‘আমাদের ইতিহাসে দুর্যোগ আসে, মেঘ আসে, কুয়াশা আসে, অন্ধকার আসে। এগুলো আবার যথারীতি কেটে যায়। আমি বিশ্বাস করি এবং আশাবাদী, আগামী নির্বাচন অবাধ, নিরপেক্ষ এবং সবার অংশগ্রহণে অনুষ্ঠিত হবে। বিরোধী দল এই নির্বাচনে অংশ
নেবে এবং তারা নির্বাচনের পথে আসবে।

যোগাযোগমন্ত্রী আজ শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশের পাকাকরণ কাজ দেখতে যাবেন। এই মহাসড়ক চার লেনে উন্নীত করা হচ্ছে।