‘দুর্বল’ শিক্ষার্থী নিয়েও সাফল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের নামকরা কলেজে ভর্তির সুযোগ না পেয়ে অগত্যা রাজশাহী সরকারি মহিলা কলেজে ভর্তি হতে আসে শিক্ষার্থীরা। অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থী নিয়ে পথচলা এই কলেজটিই এবার সাফল্য দেখিয়েছে। ভর্তির সময় কলেজের বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পাওয়া মাত্র পাঁচজন শিক্ষার্থী ভর্তি হয়েছিল। এবার এইচএসসিতে সেই কলেজ থেকেই প্রায় দশ গুণ বেশি শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।সার্বিক বিবেচনায় কলেজটি এবার রাজশাহী জেলায় পঞ্চম এবং শিক্ষা বোর্ডের মধ্যে ২০তম স্থান অধিকার করেছে।এই সাফল্যের কারণ ব্যাখ্যা করতে গিয়ে রাজশাজী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আবদুল মান্নান বলেন, ‘এই কলেজের শিক্ষকেরা কখনোই ক্লাস ফাঁকি দেন না। এ ছাড়া তাঁদের ক্লাস নিয়মিত মনিটরিং করা হয়। নিয়মিত অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করা হয়। দুর্বল ছাত্রীদের খুঁজে বের করে তাদের জন্য আলাদা পাঠদানের ব্যবস্থা করা হয়।’ অধ্যক্ষ জানান, তিনি নিজেও ক্লাস নেন, যাতে অন্য শিক্ষকেরা তাঁকে দেখে অনুপ্রাণিত হন। এর একটা প্রভাব পড়েছে শিক্ষার্থীদের ওপর। তিনি আরও বলেন, ‘বিজ্ঞান বিভাগ থেকে মাত্র পাঁচজন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী পেয়েছিলাম আমরা। মানবিক বিভাগে জিপিএ-৫ পাওয়া কোনো শিক্ষার্থীই পাইনি। এই অবস্থা থেকে ভালো ফল করার জন্য সব ধরনের চেষ্টা করেছি।’কলেজ সূত্রে জানা গেছে, ২০০৯ সালে এইচএসসিতে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পাওয়া মাত্র পাঁচজন শিক্ষার্থী ভর্তি হয়েছিল। এবার পরীক্ষা দিয়ে ৪৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। ভর্তির সময় মানবিক বিভাগে মাত্র একজন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী ছিল। এবার তাঁদের মধ্য থেকে ১০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।অথচ রাজশাহীর নামকরা একটি কলেজের জিপিএ-৫ পাওয়া ২৩ জন শিক্ষার্থী এবার পাসই করতে পারেননি। এ ছাড়া এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ১৪৩ জন শিক্ষার্থী এইচএসসিতে জিপিএ-৫ পাননি। ওই কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, দ্বিতীয় বর্ষে তাঁদের ক্লাস হয়নি খুব একটা। কলেজের সার্বিক ফলাফল নিয়ে অভিভাবকদের মধ্যে হতাশা বিরাজ করছে।খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহী সরকারি মহিলা কলেজের ছাত্রীনিবাসে যেসব শিক্ষার্থী থাকে, ক্লাস ছাড়া তারা বাইরে কোচিং বা প্রাইভেট পড়তে পারে না। বাইরে পড়ার ব্যাপারে কলেজ কর্তৃপক্ষ তাঁদের নিরুৎসাহিত করে।রাজশাহী সরকারি মহিলা কলেজ সূত্রে জানা গেছে, কলেজটি থেকে এবার এক হাজার ৮১ জন পরীক্ষা দেয়। পাসের হার ৮১ দশমিক ৯৬ শতাংশ। বিজ্ঞান বিভাগে পাসের হার ৮২ দশমিক ৫৯ ও মানবিক বিভাগে ৮২ দশমিক ৩২। গত বছর কলেজটিতে পাসের হার ছিল ৭২ দশমিক ৮৪। বিজ্ঞান বিভাগে পাসের হার ছিল ৬৮ দশমিক ০৬। জিপিএ-৫ পেয়েছিল ৪২ জন। যাদের মধ্যে এসএসসিতে জিপিএ-৫ ছিল পাঁচজনের। মানবিক বিভাগে পাসের হার ছিল ৭৭ দশমিক ৬৩। জিপিএ-৫ পেয়েছিল আটজন। যাদের মধ্যে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ছিল মাত্র একজন।কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এবার জিপিএ-৫ পেয়েছেন তানিয়া সুলতানা। তাঁর বাবা আজাহার আলী বলেন, তাঁর মেয়ে এসএসসিতে জিপিএ-৫ না পাওয়ায় নিউ ডিগ্রি বা সিটি কলেজে ভর্তির সুযোগ হয়নি। তবে এই কলেজের শিক্ষকদের যত্নের কারণে তাঁর মেয়ে আশাতীত ফল করেছেন।